দাবি আদায়ে ‘প্রার্থনাসভা’
শুধু নদীর কারণে বাইয়ারপাড়ের চাষাবাদে সংকটের সৃষ্টি হয়েছে। নদী খনন করে সেচের সংকট ঘুচানোর দাবি জানিয়েও কোনো কাজ হচ্ছে না। কৃষি কর্মকর্তাদের কাছ থেকে শঙ্কা আর আশাবাদের কথাগুলো কেবল কথার কথা হয়ে ছড়ায়। ভোটের সময় নেতাদের মুখ থেকে প্রতিশ্রুতির ফুলঝুরিও ঝরে, কিন্তু বাস্তবে কাজ হয় না। ক্ষোভের সঙ্গে এ কথাগুলো জানিয়ে সিলেট অঞ্চলে কৃষকের সামগ্রিক সমস্যার সমাধানে ব্যতিক্রমী এক কর্মসূচির প্রস্তুতির কথা জানালেন কৃষককল্যাণ সংস্থার আহ্বায়ক আবদুল হান্নান আনসারী। ৯ মার্চ সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যতিক্রমী ‘টমেটো বিক্ষোভ’ কর্মসূচি পালনের পর প্রস্তুতি চলছে এখন কৃষকের সামগ্রিক সমস্যা আর দাবিদাওয়া পূরণে ‘প্রার্থনাসভা’ আয়োজনের।বাইয়ারপাড়ে চাষাবাদের সংকটাপন্ন পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণের অভিজ্ঞতাকে সামনে তুলে ধরে ওই সংগঠনের আহ্বায়ক বলেন, ‘কৃষকের সমস্যায় আমরা সাধারণত মূলে যেতে চাই না। মূলে গেলে সমস্যার মূলোৎপাটন সম্ভব। বাইয়ারপাড় নামের উৎপত্তি যেখান থেকে, সেখানে অর্থ্যাত্ সুরমা থেকে কুশিয়ারায় মিলিত শাখা নদী বাসিয়া বছরের প্রায় নয় মাস পানিশূন্য থাকায় প্রধানত সেচসংকটে চাষাবাদ ব্যাহত হচ্ছে। চাষাবাদ ব্যাহত হওয়ায় জনজীবনেও নেমে এসেছে নানা দুর্ভোগ। ফলন ফলিয়েও চাষিদের কাঙ্ক্ষিত আয় না হওয়ায় কৃষকের পরিবারে দৈন্যতা ভর করেছে।’সিলেট অঞ্চলে সুগন্ধি ধানের সংগ্রাহক আবদুল বাছিত কৃষককল্যাণ সংস্থার একজন উপদেষ্টা। ‘প্রার্থনাসভা’ প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষকেরা এমনিতেই প্রকৃতির কৃপার ওপর নির্ভরশীল। বৃষ্টি না হলে প্রার্থনা, ফসল কাটতে প্রার্থনা, ফলন পেলেও দাম পড়ে গেলে প্রার্থনা। তাই আমরা ঠিক করেছি, সব ধর্মাবলম্বীদের নিয়ে ওই প্রার্থনার মধ্য দিয়ে মাঠের কৃষকের অসহায়ত্ব তুলে ধরা হবে।’