২০০৮ সালে কেনা তরঙ্গের বিপরীতে গ্রামীণফোনের (জিপি) কাছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) দাবি করা অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত।একই সঙ্গে এ পরিমাণ অর্থ দাবি করা ‘কেন অবৈধ হবে না’ তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ ছাড়া ওই চিঠিতে দাবি করা ট্যাক্স ও ভ্যাটের বিষয়টি ২০১০ সালের ৩০ জুন জারি করা এসআরও (প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি) অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জিপির পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ ছাড়া জিপিকে বিটিআরসির দেওয়া নোটিশের অংশ বিশেষের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। আর বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদসহ সংস্থার ছয় বিবাদীকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।রিট-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৭ অক্টোবর বিটিআরসি জিপিকে প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফি পরিশোধের বিষয়ে চিঠি দেয়। তাতে, ‘লাইসেন্স ও স্পেকট্রাম ফি’র জন্য প্রদেয় টাকা থেকে কোনো ভ্যাট ও ট্যাক্স কর্তন না করতে বলা হয়। ওই চিঠিতেই, দাবিকৃত তিন হাজার ৬২৪ কোটি তিন লাখ টাকার মধ্যে ২০০৮ সালে কেনা তরঙ্গের ৭ দশমিক ৪ মেগাহার্ডজ তরঙ্গের ওপর ‘মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ)’ যোগ করে অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়। বিটিআরসির পাঠানো ওই চিঠির এসব অংশের বৈধতা চ্যালেঞ্জ করে জিপির পক্ষে গত রোববার হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আজ আদালত আদেশ দেন ও রুল জারি করেন।জানতে চাইলে মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, জিপির লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া ২০০৮ সালের ৩০ জুনের সরকারের এসআরও অনুসারে গ্রামীণফোন থেকে লাইসেন্স ও স্পেকট্রাম ফি গ্রহণ করতে বলা হয়। তিনি জানান, বিটিআরসির দাবি করা ২০০৮ সালে কেনা তরঙ্গের বিপরীতে অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধের কার্যকারিতাও স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে ওই পরিমাণ অর্থ পরিশোধ করার প্রশ্নে রুল জারি করেছে। আর এসআরও অনুযায়ী ব্যবস্থা নিলে ভ্যাট ও কর বিটিআরসি কখনোই দাবি করতে পারে না।বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা ই রাকিব বলেন, সদ্যসমাপ্ত লাইসেন্স নবায়নের নীতিমালার সংশোধিত অংশে, ২০০৮ সালে কেনা তরঙ্গের ওপর এমসিএফ যোগ বিষয়টি স্পষ্ট উল্লেখ করা আছে। তিনি আশা করেন, আদালতে এ বিষয়ে মীমাংসা হয়ে যাবে।