দাবি না মানলে ইসলামী আন্দোলনের কঠিন কর্মসূচির হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের মধ্যে চার দফা দাবি না মানলে হরতালসহ কঠিন কর্মসূচির হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজ সোমবার দুপুরে পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। পুলিশের বাধায় মুক্তাঙ্গনে গণ-অবস্থান কর্মসূচি করতে না পেরে তাত্ক্ষণিকভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সরকারের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ক্ষমতায় গেলে তারা কোরআন ও সুন্নাহবিরোধী কোনো কাজ করবে না বলে বলেছিল। কিন্তু এটা ছিল চরম ধোঁকা। ক্ষমতার সিঁড়ি হিসেবে তারা ধর্মকে ব্যবহার করেছিল।’চরমোনাইয়ের পীর বলেন, ‘আমরা নারীনীতি, শিক্ষানীতি ও ফতোয়ার বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া রায় বাতিল এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজন না করার দাবিতে আন্দোলন করে আসছিলাম। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২ মে) ও কাল মঙ্গলবার (৩ মে) গণ-অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে। কেন্দ্রীয় নেতাসহ ২০০ জন আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি। আওয়ামী লীগ সরকার এমন স্বৈরাচারী আচরণ করবে আমরা ভাবতেও পারিনি।’ আজকের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ফায়জুল করিম, নুরুল হুদা ফয়েজী, মুক্তার হোসেন, মহাসচিব ইউনুস আহমেদ প্রমুখ।এদিকে রাজধানীর পল্টন ও তার আশপাশের এলাকা থেকে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্তত ৩০০ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আবদুল কাইয়ুম। তিনি অভিযোগ করেন, ঢাকার বাইরের কাউকে রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, ‘সরকার এ কর্মসূচিতে বাধা দিয়ে আমাদের আরও কঠোর কর্মসূচির দিকে ঠেলে দিল।’