নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিন মাসের আল্টিমেটাম শেষে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ১০ জুনের আল্টিমেটাম শেষে পূর্বঘোষিত সমাবেশ থেকে আজ সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাঁচ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।খালেদা জিয়ার ভাষায়, পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে জনস্বার্থ বিবেচনা করে আপাতত এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মেনে নেওয়া না হলে ঈদের পর হরতাল, অবরোধ, অবস্থানসহ কঠোর কঠোর কর্মসূচি দিতে তাঁরা বাধ্য হবেন। বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী ও তাঁর চালককে ফিরিয়ে না দিলে এবং নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হলে রমজানের আগেও কঠোর কর্মসূচি দিতে হতে পারে বলে খালেদা জিয়া উল্লেখ করেন।দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না—মন্তব্য করে সমাবেশে খালেদা জিয়া বলেন, সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা সরকারেরই দায়িত্ব। গত ১২ মার্চ ঢাকায় এক মহাসমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে তিন মাসের সময় বেঁধে দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার শেষ হয় সেই সময়সীমা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হওয়ায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা।এসব কর্মসূচির মধ্যে আছে—তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশ; বাজেটকে গণবিরোধী উল্লেখ করে তার প্রতিবাদে ২৪ জুন সারা দেশে বিক্ষোভ; আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ১ জুলাই সারা দেশে বিক্ষোভ ও সমাবেশ; দুর্নীতি, যানজট ও দুঃশাসনের প্রতিবাদে ৮ জুলাই সারা দেশে বিক্ষোভ-সমাবেশ ও স্মারকলিপি প্রদান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে ১৫ জুলাই বিক্ষোভ-সমাবেশ। জনপ্রিয়তা যাচাই করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।বিএনপি বা খালেদা জিয়া কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে না দাবি করে খালেদা জিয়া অভিযোগ করেন, যারা অবৈধভাবে ও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে বর্তমান সরকারই বরং তাদের স্বাগত জানিয়েছে।খালেদা জিয়া অভিযোগ করেন, এরশাদ যখন ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা তখন বলেছিলেন, ‘আই অ্যাম নট আনহ্যাপি।’ মইন ইউ আহমেদ ও ফখরুদ্দীন আহমদের সরকারকে ‘অবৈধ সরকার’ উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এই অবৈধ সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার কথা বলেছিলেন। খালেদা জিয়া অভিযোগ করেন বলেন, যখনই বিএনপি সমাবেশ করে, সরকার ভয় পেয়ে অঘোষিত হরতাল পালন করে। খালেদার অভিযোগ, গত তিন বছরে সরকার সব খাত ধ্বংস করেছে, শুধু লুটপাট আর মানুষ হত্যা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতু করা হবে উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতু দুর্নীতিতে ডুবে গেছে। ওই প্রকল্পে কানাডা প্রবাসী প্রধানমন্ত্রীর আত্মীয় ঘুষ নিয়েছেন বলেও তিনি দাবি করেন। বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরু হয়। তবে সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকে। বিকেল চারটার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন খালেদা জিয়া।