আগামী ৫ জানুয়ারির মধ্যে ১০ দফা চুক্তি বাস্তবায়নসহ পুনর্বাসন ও মাইনিং সিটি স্থাপনের দাবি না মানলে বড়পুকুরিয়া কয়লাখনি বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সংগঠন ‘ভূমি ও সম্পদ রক্ষা কমিটি’।আজ বুধবার সকালে ভূমি ও সম্পদ রক্ষা কমিটি খনি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ হুঁশিয়ারি উচ্চারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খনির অভ্যন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের না জানিয়ে সরকার একতরফাভাবে একটি প্যাকেজ ঘোষণা করেছে। ঘোষিত প্যাকেজে মাইনিং সিটি প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ নেই এবং জমির দাম অত্যন্ত কম হওয়ায় তাঁরা ওই প্যাকেজটিকে প্রত্যাখ্যান করেছেন। পেট্রোবাংলার সঙ্গে সম্পাদিত ১০ দফা চুক্তি শিগগির বাস্তবায়ন করা না হলে আগামী ৫ জানুয়ারির মধ্যে কয়লাখনি বন্ধ করে দেওয়া হবে।পরে কমিটির নেতারা তাঁদের দাবিনামা সংবলিত একটি স্মারকলিপি খনির জিএম (মাইনিং) মো. মিজানুর রহমানের কাছে পেশ করেন। এ সময় দিনাজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মকবুল হোসেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব-উল-ফেরদৌস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী, ভূমি ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান, হামিদপুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মণ্ডল, সোলায়মান সানি, মিজানুর রহমান মানিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।