শিক্ষানীতি ও নারী উন্নয়ন নীতি বাতিল এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতার নামে রাষ্ট্রকে ধর্মহীন করার চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। এ বিষয়ে সব দাবি জুন মাসের মধ্যে মেনে নিতে হবে। তা না হলে জুলাই থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ আজ শুক্রবার রাজধানীতে আয়োজিত এক সমাবেশে এই হুমকি দিয়েছে। আজ বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির যুগ্ম মহাসচিব আলমগীর মজুমদার এ হুমকি দেন। তিনি প্রস্তাবিত শিক্ষানীতি ও নারী উন্নয়ন নীতি বাতিল এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতার নামে রাষ্ট্রকে ধর্মহীন করার চক্রান্ত বন্ধের দাবি জানান। সমাবেশে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মহিউদ্দিন রব্বানী, যুগ্ম মহাসচিব খলিলুর রহমান মাদানি, ঢাকা মহানগরের সভাপতি আহমদ আলী, আবদুল মনির নাসির প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।আজকের এই সমাবেশ ও মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।