দাবি না মানলে বৃহস্পতি ও শুক্রবার ছাত্রদলের বিক্ষোভ
গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারসহ সংগঠনের নেতা-কর্মীদের অযথা হয়রানি না করার দাবি জানিয়েছে ছাত্রদল। আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই দাবি জানানো হয়। ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচি ও ছাত্রদল নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দাবি না মানলে ২৯ ও পরের দিন ৩০ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ করবে ছাত্রদল।১৮ ডিসেম্বর পুলিশের হামলায় ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদকসহ আড়াই শ নেতা-কর্মীকে। আজ মঙ্গলবার ছাত্রদলের ১১২ জন নেতা-কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বাকিদের মুক্তির দাবি করা হয়।ছাত্রদলের সহসভাপতি হায়দার আলী সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাংসদ শহীদউদ্দিন চৌধুরীসহ ছাত্রদলের সাবেক নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান।সংবাদ সম্মেলনে বলা হয়, দেশ-জাতির ঐতিহাসিক প্রয়োজনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখনো ছাত্রদল সুসংগঠিত। কিন্তু সাম্প্রতিক সময়ে ছাত্রদলের নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করছে সরকার।সংবাদ সম্মেলনে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ১ জানুয়ারি রাত ১২টা এক মিনিটে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে কেক কেটে দিবসের প্রথম প্রহর উদযাপন করা হবে। এরপর সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার কবর জিয়ারত ও বেলা দুইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।