বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণ করার জন্য আগামী রোববার বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা। এ সময়ের মধ্যে তাঁদের অপসারণ করা না হলে ওই দিন বিকেল পাঁচটার দিকে শিক্ষকেরা গণপদত্যাগ করবেন। শিক্ষকেরা পদত্যাগপত্রে সই করে রেখেছেন। ওই দিনের মধ্যে উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণ না হলে তাঁরা বুয়েট কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।আজ সোমবার সন্ধ্যায় বুয়েট শিক্ষক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। এ ছাড়া শিক্ষকেরা লাগাতার কর্মসূচির পরিবর্তে কাল মঙ্গলবার থেকে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন।এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুয়েটের সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাবেক উপাচার্য ও কয়েকজন কৃতী শিক্ষার্থীকে নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষ তিনি সাংবাদিকদের জানান, ‘বুয়েট সংকট নিরসনের লক্ষ্যে ডাকা বৈঠকে আমরা সবার মতামত নিয়েছি। এখন এগুলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দ্রুত জানিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক সমিতিকে বাদ দিয়ে বৈঠক হয়।উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে ১৬টি অনিয়মের অভিযোগ তুলে কয়েক মাস ধরেই বুয়েটের শিক্ষক সমিতি আন্দোলন করছে। যদিও উপাচার্য ও সহ-উপাচার্য দুজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।গত ৭ এপ্রিল থেকে শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। লাগাতার ২৮ দিন কর্মবিরতির পর ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা ৫ মে থেকে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন। গত ৯ জুন সমিতির সভায় ৩০ জুনের মধ্যে উপাচার্য ও সহ-উপাচার্যকে পদত্যাগ করতে সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে তাঁরা পদত্যাগ না করায় ৭ জুলাই থেকে প্রতীকী কর্মবিরতি চলতে থাকে। ১৪ জুলাই থেকে তাঁরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন।এরই মধ্যে ১০ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকস্মিকভাবে ১১ জুলাই থেকে ৪৪ দিনের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করে। এরপর শিক্ষক সমিতি পদত্যাগ শব্দটি বাদ দিয়ে উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ১১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে তারা লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে আসছে।