দাবি না মানলে রোববার থেকে পেট্রলপাম্প অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ নয় দফা দাবিতে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডেকেছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।আজ শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ঐক্য পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার ভোর ছয়টা থেকে সারা দেশে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন, বিক্রি ও বিপণন বন্ধ থাকবে।ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিজেল বিক্রিতে ৩ দশমিক ৪ শতাংশ, পেট্রল ও অকটেন বিক্রিতে ৪ শতাংশ কমিশন নির্ধারণ, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি, জ্বালানি তেলের ভেজাল রোধে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ, ট্যাংক লরির চালকদের প্রয়োজনীয় পরীক্ষা ও আনুষঙ্গিক কাগজ নিয়ে বিশেষ বিবেচনায় লাইসেন্স প্রদান ইত্যাদি।প্রসঙ্গত, বর্তমানে ডিজেল বিক্রিতে ২ দশমিক ৪৫ শতাংশ, পেট্রল বিক্রিতে ৩ দশমিক ২৭ শতাংশ ও অকটেন বিক্রিতে ৩ দশমিক ৩০ শতাংশ কমিশন দেওয়া হয়।সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক বলেন, এর আগে পাঁচবার ধর্মঘট দেওয়া হয়েছে। জ্বালানি তেলের যে কমিশন এখন তাঁরা দাবি করছেন, তা যৌক্তিক বিবেচনায় নিয়ে সরকার আগেই মেনে নিয়েছে। কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। দাবি মেনে নেওয়া না হলে কর্মবিরতি পালন করা হবে—এ কথা জানিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। এ অবস্থায় কর্মবিরতিতে যাওয়া ছাড়া তাদের আর কিছু করার নেই। নাজমুল হক আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় প্রতি গাড়িতে তাদের প্রায় ৬৩ হাজার টাকা বাড়তি বিনিয়োগ করতে হচ্ছে। এই বাড়তি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে নির্বাহ করা হচ্ছে। এ ছাড়া তাঁরা যে কমিশনের বিনিময়ে তেল পরিবহন ও বিক্রয়সহ নানা পর্যায়ে যে পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) হয়, তা-ও তাদের বহন করতে হয়। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পদ্ধতিগত লোকসানও বেড়ে গেছে।আগামীকাল শনিবারও তো সময় আছে। সরকার দাবি মেনে নিলে কী করবেন? এমন প্রশ্ন করা হলে নাজমুল হক বলেন, ‘আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। তারা বলেছে, আগে কর্মবিরতি প্রত্যাহর করলে দাবি বিবেচনা করবে। কিন্তু আমাদের পক্ষে তা মানা সম্ভব নয়। কারণ, আমাদের দাবি আগেই মেনে নেওয়া হয়েছে। এখন ঘোষণা করলেই হয়।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহজাহান, পরিষদের নেতা মিজানুর রহমান, আকতার হোসেন, হারুন-উর-রশিদ, মতিন ও রেজাউল করিম।