দাবি না মানলে সোমবার থেকে ছাত্রদলের ধর্মঘট
গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতাদের মুক্তিসহ বেশ কয়েকটি দাবি মানা না হলে কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট করবে ছাত্রদল। আজ শনিবার বেলা একটার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এ কথা জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ছাত্রদলের ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম। তিনি বলেন, গত বৃহস্পতিবার ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের সশস্ত্র হামলায় তাদের ৩৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ উল্টো ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গ্রেপ্তার হওয়া সভাপতি ওমর ফারুকসহ নয় নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি এবং ছাত্রদলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল রোববারের মধ্যে এসব দাবি মানা না হলে পরদিন সোমবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বাহক কামাল উদ্দিন, ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাইমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।