দাবি না মানলে হরতাল: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেছেন, অবিলম্বে সরকারকে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংরক্ষণ এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার দাবি মেনে নিতে হবে। এসব দাবি না মানলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ দেন।আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে হাউস বিল্ডিংয়ের পাশের সড়কে অনুষ্ঠিত দলের এক প্রতিবাদ সমাবেশে চরমোনাই পীর এ কথা বলেন।চরমোনাই পীর বলেন, দাবি না মানলে কাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।দলের পূর্বঘোষিত জাতীয় সংসদ অভিমুখে গণমিছিল কর্মসূচি শুরুর আগে এক সমাবেশে চরমোনাই পীর বলেন, ‘আমরা বারবার সরকারের ইসলামবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি। এখন শেষ অবস্থানে এসে পৌঁছেছি। আমরা অনুরোধ করব, সরকার আমাদের দাবি মেনে নেবে।’আজ বিকেল সাড়ে চারটার দিকে চরমোনাই পীরের নেতৃত্বে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জাতীয় সংসদ ভবন অভিমুখে দলের গণমিছিল কর্মসূচি শুরু হয়।কর্মসূচি শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের মহাসচিব ইউনূস আহম্মাদ, দলের ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।