আগামী ৩১ অক্টোবরের মধ্যে সিএনজি স্টেশন দৈনিক ছয় ঘণ্টা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে ১ নভেম্বর থেকে লাগাতার ধর্মঘটে যাবেন সিএনজি স্টেশনের মালিকেরা। গতকাল শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সিএনজি স্টেশনের মালিকদের জাতীয়ভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’-এর এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর ইউএনবির।বৈঠকে বিডি সিএনজি অ্যাসোসিয়েশন নামে পরিচিত সিএনজি স্টেশনের মালিকদের এ সংগঠনের পক্ষ থেকে এ ছাড়া আরও ছয় দফা দাবি উত্থাপন করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: সিএনজি স্টেশনগুলোতে ইলেকট্রনিক ভলিউম কারেক্টর (ইভিসি) মিটার স্থাপন, লাইসেন্সস ফি এক লাখ টাকা থেকে কমিয়ে পাঁচ হাজার টাকা করা, নবায়ন ফি এক হাজার টাকা নির্ধারণ, পরিবেশ অধিদপ্তরের অনাপত্তি সনদ গ্রহণে সিএনজি স্টেশনগুলোকে বাধ্য না করা ইত্যাদি।বৈঠকে দেশের ৪০০ সিএনজি স্টেশনের মালিকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে সংগঠনের নেতারা দাবি করেন। তাঁরা আরও জানান, নির্বাহী কমিটির সদস্যরা সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টার পরিবর্তে তিন ঘণ্টা বন্ধ রাখার প্রস্তাব করলে সাধারণ সদস্যরা তা প্রত্যাখ্যান করেন। তাঁরা সর্বসম্মতভাবে ১ নভেম্বর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার পক্ষে মত দেন।সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সহসভাপতি সৈয়দ সাদাত আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন ও বিভিন্ন অঞ্চলের ১৬ জন নেতা বক্তব্য দেন।গ্যাসের সংকটের কারণে গত ১৬ আগস্ট থেকে সরকার সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করে। স্টেশনের মালিকেরা দাবি করছেন, এটা তাঁদের সর্বোচ্চ বিক্রির সময়। এ সয় সিএনজি স্টেশন বন্ধ রাখার ফলে তাঁরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন।