দাবি পূরণ না হলে আগামী ১৫ জানুয়ারি থেকে দেশের সব বিদ্যালয় বন্ধ করে দিয়ে ধর্মঘট পালন করা হবে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত জাতীয় (রেজিস্টার্ড) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ এ ঘোষণা দিয়েছে। পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম প্রথম আলোকে এ তথ্য জানান।পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম আরও বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শিক্ষকদের আত্মাহুতি দেওয়ার কর্মসূচি ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি শহীদ মিনারে এসে কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। এর পর তাঁরা আত্মাহুতি কর্মসূচি স্থগিত করেন। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের চিকিত্সা ও টিফিন-ভাতা বাড়ানোর আশ্বাস দেন। অন্য দাবিগুলো পরে বিবেচনা করা হবে বলে তিনি জানান। কিন্তু শিক্ষকেরা বলেন, তাঁদের মূল দাবি চাকরি জাতীয়করণের একদফা দাবি। এ দাবি পূরণ না হলে তাঁরা ১৫ জানুয়ারি থেকে আবার কর্মসূচিতে যাবে।