দাবি না মানলে ২০ জানুয়ারি থেকে পেট্রলপাম্প অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ নয় দফা দাবি ১৯ জানুয়ারির মধ্যে পূরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। না হলে ২০ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে এ কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি মানা না হলে ২০ জানুয়ারি ভোর ছয়টা থেকে পেট্রলপাম্পে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন, বিক্রি ও বিপণন বন্ধ থাকবে।অন্য দাবিগুলোর মধ্যে আছে—ডিজেল বিক্রিতে ৩ দশমিক ৪ শতাংশ, পেট্রল ও অকটেন বিক্রিতে ৪ শতাংশ কমিশন নির্ধারণ, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি, জ্বালানি তেলের ভেজাল রোধে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ, ট্যাংক লরির চালকদের প্রয়োজনীয় পরীক্ষা ও আনুষঙ্গিক কাগজ নিয়ে বিশেষ বিবেচনায় লাইসেন্স প্রদান ইত্যাদি।প্রসঙ্গত, বর্তমানে ডিজেল বিক্রিতে ২ দশমিক ৪৫ শতাংশ, পেট্রল বিক্রিতে ৩ দশমিক ২৭ শতাংশ ও অকটেন বিক্রিতে ৩ দশমিক ৩০ শতাংশ কমিশন দেওয়া হয়।সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক বলেন, এর আগে পাঁচবার ধর্মঘট দেওয়া হয়েছে। জ্বালানি তেলের কমিশন বাড়ানোর দাবি সরকার আগেই মেনে নিয়েছে। এখন বাস্তবায়ন করতে হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় বিনিয়োগ বেড়ে গেছে। কমিশন না বাড়ালে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহজাহানসহ সংশ্লিষ্ট নেতারা।