দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। আজ মঙ্গলবার তাঁরা এ কথা বলেছেন।উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করার দাবিতে শিক্ষকেরা কর্মবিরতি ও ধর্মঘট পালন করছেন। ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর ব্যানারে বিভিন্ন তাঁরা এই কর্মসূচি পালন করছেন। তাঁদের এ কর্মসূচির কারণে বিভিন্ন বিভাগের বন্ধ রয়েছে।পূর্বঘোষিত কর্মসূচি ক্লাস বর্জন ও ধর্মঘট পালনের জন্য ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে বিভিন্ন বিভাগের আন্দোলনরত শিক্ষকেরা আজ সকাল সাতটা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।কর্মসূচিতে ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর আহ্বায়ক এম এ মতিন, যুগ্ম আহ্বায়ক মুহম্মদ হানিফ আলী, শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুন, সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, নাসিম আখতার হোসাইন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন সাজেদ আশরাফ করিমসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত আছেন।শিক্ষকদের এ আন্দোলন কর্মসূচির কারণে গত রোববার থেকে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনের তালা খুলতে পারেননি প্রশাসনিক ভবনের কর্মচারীরা। তাই দাপ্তরিক কাজও করতে পারছেন না উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে উপাচার্য তাঁর নিজ বাসভবনের কার্যালয়ে দাপ্তরিক কাজ করছেন বলে জানা গেছে। সকালে বিভিন্ন অনুষদে খোঁজ নিয়ে জানা যায়, ক্লাস হচ্ছে না।‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর আহ্বায়ক এম এ মতিন প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, একটি পক্ষের স্বার্থ রক্ষার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্যদের নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রায় ছয় মাস ধরে শিক্ষা পর্ষদের সভা হচ্ছে না। বর্তমান প্রশাসন সেটির ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান। দাবির বিষয়ে পদক্ষেপ না নিলে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তির দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে বলে তিনি হুঁশিয়ার করেন।