দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করায় হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন, হেফাজতে ইসলামের দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।গতকাল শনিবার বিকেলে সচিবালয়ের নিজ কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। মহীউদ্দীন খান আলমগীর বলেন, বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল মহাসমাবেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। হেফাজতে ইসলাম তাদের এই অপচেষ্টা প্রতিহত করে দিয়েছে। এতে তাদের দাবির পক্ষে নিরপেক্ষতা ও দৃঢ়তা প্রমাণিত হয়েছে।ধৈর্য ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও ধন্যবাদ জানান মন্ত্রী। রাজধানীর মহাখালীতে ঘাতক দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বলা হয়েছে, মূলত জামায়াত ও শিবিরের কর্মীরা এই হামলা চালিয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধেই যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ হেফাজতে ইসলামের ডাকা হরতাল যৌক্তিক নয় বলে মনে করেন মন্ত্রী। এ জন্য হরতাল থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি।হেফাজতের ডাকা ঢাকা অবরোধের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, এ ধরনের কর্মসূচির যৌক্তিকতা ও উপকরণ নেই। এই ধরনের অবরোধের প্রয়োজন হবে না, ফায়দাও হবে না।’ লংমার্চে বাধা দেওয়ার অভিযোগও সত্যি নয় বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই বলে হেফাজতে ইসলামের নেতাদের বক্তব্যের বিষয়ে মহীউদ্দীন খান আলমগীর বলেন, সবাইকে মনে রাখা দরকার, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে সেই সরকারই ক্ষমতায় থাকবে, যে সরকার জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে। হেফাজতে ইসলামের কর্মসূচিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান মন্ত্রী।সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে দুপর থেকে বিকেল পর্যন্ত চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন সাতজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী মুজিবুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন।