দাবিতে অনড় শিকাগোর শিক্ষকেরা
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ধর্মঘটী শিক্ষকেরা গতকাল রোববার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শহরের মেয়র রাম ইমানুয়েল বলেছেন, ধর্মঘট বন্ধে তিনি আদালতে যাবেন।রয়টার্সের খবরে বলা হয়, প্রশাসন ও শিক্ষকদের এই বিরোধ আসছে ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার দলকে সমস্যায় ফেলে দিতে পারে।আজ ও আগামীকাল শিকাগোর সরকারি স্কুলগুলোতে কোনো ক্লাস-পরীক্ষা হবে না। এতে কিন্ডারগার্টেন, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে।আল জাজিরার খবরে বলা হয়, মেয়র ইমানুয়েলের শিক্ষাসংস্কার প্রস্তাবের বিরুদ্ধে গত সপ্তাহে ফুঁসে ওঠেন শিক্ষকেরা। নতুন প্রস্তাব অনুযায়ী, শিক্ষার্থীদের ফলাফল অনুযায়ী শিক্ষকদের মূল্যায়ন করা হবে।সম্প্রতি বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়ার পর শিক্ষকদের মধ্যে চাকরি হারানোর ভীতি প্রকট হয়ে দেখা দিয়েছে। প্রশাসনের কাছে তাঁরা নিশ্চয়তা চান, ছাঁটাই করা শিক্ষকদের ওই এলাকার অন্য কোনো কাজে নিয়োগ করা হবে। এ ছাড়া শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিও আছে। শিক্ষকদের ট্রেড ইউনিয়নের নেতৃত্বে প্রায় ২৯ হাজার শিক্ষক গত শুক্রবার থেকে ধর্মঘট শুরু করেন। বিশ্লেষকেরা বলছেন, গত এক বছরে যুক্তরাষ্ট্রের মধ্যে এটাই সবচেয়ে বড় শ্রমিক আন্দোলন। সমস্যার সমাধানে প্রশাসন যে প্রস্তাব দিয়েছে, এতে সমস্যার কতটুকু সমাধান হবে, তা এখনো অনিশ্চিত।ট্রেড ইউনিয়নের সভাপতি কারেন লুইস বলেছেন, ইউনিয়নের নেতারা আসছে মঙ্গলবার নতুন সিদ্ধান্তের জন্য বৈঠক আয়োজন করবেন। আগামী বুধবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকতে পারে এবং এ জন্য অভিভাবকদের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছেন কারেন লুইস।গতকাল ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে প্রশাসনের দেওয়া প্রস্তাবকে ‘ভালো’ বলে অভিহিত করেছিলেন কারেন লুইস। তবে সভা শেষে তিনি বলেন, ‘ওটা খুব ভালো প্রস্তাব নয়।’মেয়র ইমানুয়েলের প্রধান মধ্যস্থতাকারী এবং স্কুল বোর্ডের সভাপতি ডেভিড ভিটাল বলেছেন, দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও ইউনিয়নের উচিত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়া। ভিটাল বলেন, ‘১০ মাস আলোচনার পর একটা মোটামুটি সমঝোতায় পৌঁছানোর পরও শিক্ষার্থীদের ক্লাসের বাইরে রেখে শিক্ষকদের ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে আমরা খুব নাখোশ।’বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির স্বার্থে শিক্ষকদের আন্দোলনের একটি সন্তোষজনক সমাধান হওয়া দরকার। বর্তমান সংঘাতের এক পক্ষে ডেমোক্রেটিক পার্টির নেতা এবং প্রেসিডেন্ট বারাক ওবামার সহযোগী ইমানুয়েল, আরেক দিকে সংগঠিত শ্রমিকেরা। সামনের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জয়ের জন্য এসব শ্রমিকের ভোট পাওয়া আবশ্যক। তবে মেয়র ইমানুয়েল এ ধর্মঘটকে ‘বেআইনি’ অভিহিত করে বলেছেন, তিনি আদালতের দ্বারস্থ হতে যাচ্ছেন। তিনি চান আদালত ধর্মঘটের ওপরে নিষেধাজ্ঞা দিক। ১৯৮৪ সালে ইলিনয় অঙ্গরাজ্যের শিক্ষকেরা আইনগতভাবে ধর্মঘট করার অধিকার পাওয়ার পর, আদালতে এ ধরনের নিষেধাজ্ঞা চেয়ে কেউ কোনো আবেদন করেনি।