দাম কম বলে লালমনিরহাটের চাষির মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরের জেলা লালমনিরহাটেও এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু চাষিদের মুখে হাসি নেই। কারণ, কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। অনেকেই হাট থেকে ধান বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান বাজারের ওপর প্রভাব ফেলে চাষিদের ন্যায্যমূল্য পেতে সহায়তা করলেও এ বছর এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। গত বছর অভিযান শুরু হয় ১ মে। তবে খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্র বলেছে, সরকার এ ব্যাপারে প্রস্তুতি নিয়ে রেখেছে এবং দামের ওপর নজর রাখছে।লালমনিরহাট জেলা সদর থেকে পিচঢালা পথ চলে গেছে খুনিয়াগাছের দিকে। সেখান দিয়ে যেতে দেখা গেল, রাস্তার ওপর বহু মানুষ ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত। অনেকে এখনো খেত থেকে ধান কেটে নিচ্ছেন বাড়িতে। আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের এক চাষি-পরিবারের সবাই ধান শুকাচ্ছিলেন পথে। ১৫০ শতাংশ জমিতে আবাদ করে প্রায় ৯০ মণ ফলন পেয়েছেন তাঁরা। বাজারে দাম কম থাকায় সরকারি মূল্য নির্ধারণের অপেক্ষা করছেন তাঁরা।সদরের নয়ারহাটের বাজারে ধান নিয়ে এসেছিলেন সাপটানার হাবিবুর রহমান। দাম কম থাকায় ধান বিক্রি না করেই ফিরে যাচ্ছিলেন। হাবিবুর বলেন, বোরো উৎপাদনের খরচ আগের চেয়ে অনেক বাড়লেও সে অনুযায়ী বাজার পাওয়া যাচ্ছে না। কুলাঘাট ইউনিয়নের চর খাতামারী গ্রামের চাষি রমজান আলীরও একই অবস্থা। হতাশ রমজান বললেন, চাষিদের বাঁচাতে হলে ধানের ন্যায্যমূল্য দিতে হবে, না হলে বাম্পার ফলন হলেও লাভ নেই।কিন্তু রমজান বা হাবিবুরের মতো অপেক্ষা করার সামর্থ্য নেই সবার। ধারদেনা শোধসহ সংসারের খরচ মেটাতে দাম পছন্দ না হলেও অনেকেই বাধ্য হয়ে ধান বিক্রি করছেন। নয়ারহাটের ধানের বাজারটি রাস্তার পাশে। পাইকাররা ধান কেনার জন্য বিভিন্ন উপকরণ নিয়ে বসেছিলেন সেখানে। ধান কিনে পাশেই স্তূপ করে রাখা হচ্ছে। পাইকাররা এ বাজার থেকে ধান কিনে আবার বিক্রি করবেন চাতাল ও মিলের মালিকদের কাছে।ধান ব্যবসায়ী সাইদুল ইসলাম জানালেন, মোটা কাঁচা ধান ৫৫০ টাকা, মোটা শুকনা ধান ৬৫০, সরু কাঁচা ধান ৭০০ এবং সরু শুকনা ধান ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাইদুলের হিসাবে গত বছরের চেয়ে এই দাম ১০০ টাকা করে কম।চাষিরা যাতে ‘ন্যায্য’ দাম পান, সে জন্য অবিলম্বে সরকারি ধান-চাল ক্রয় অভিযান শুরুর দাবি জানালেন লালমনিরহাটের হারাটি এলাকার চাষি আবদুর রফিক। তিনি বললেন, ‘শ্রমিকদের মজুরি, সেচসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় বর্তমান দরে ধান বিক্রি করতে পারছি না। ২৭ শতাংশ জমির ধান কাটার মজুরিতেই খরচ হয়েছে চার হাজার টাকা।’জেলা সদরের খুনিয়াগাছ, কুলাঘাট, আদিতমারীর মহিষখোঁচা, ভাদাই—যেখানেই গিয়েছি, সব বোরো চাষির মুখে একই কথা। সব কটি এলাকায়ই চোখে পড়ে মাঠে মাঠে সোনালি ধান। কোথাও কাটা শুরু হয়েছে, আবারও কোথাও শিগগিরই কাটার অপেক্ষায়। পাড়া-মহল্লা ম ম করছে নতুন ধানের গন্ধে।লালমনিরহাট শহরের গোশালায় এলাকার সবচেয়ে বড় চালের বাজার। সকাল-সন্ধ্যা চাল বেচাকেনা চলে এখানে। পাইকাররা ধান কিনে চাল করে বিক্রির জন্য এই বাজারে নিয়ে আসেন। তাঁদের কাছ থেকে কেনেন আড়তদাররা। তবে এখানে খুচরা চালও বিক্রি হয়।গোশালার চালের বাজার ঘুরে জানা গেল, এখন সরু চাল ১০০ কেজির প্রতি বস্তা ২৯০০ টাকা এবং খুচরা ৩০-৩১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটা চাল ১০০ কেজির প্রতি বস্তা ২৮০০ টাকা, খুচরা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারের খুচরা চাল ব্যবসায়ী ফজল হক বলেন, এবার এই সময়ে গত বছরের তুলনায় কম চাল উঠছে। ধান কাটাও শেষ হয়নি। বাজারে আরও ধান উঠলে চালের দাম আরও কমে যাবে।বোরোর এই ভরা মৌসুমে চাতাল ও মিলে ধানের পরিমাণ কম বলে জানালেন লালমনিরহাটের প্রগতি রাইস মিলের মালিক আলীমুদ্দিনও। তিনি বলেন, চাষিরা যেমন কম দামের কারণে ধান বিক্রি করছেন না, তেমনি মিলের মালিকেরাও ধান কিনতে সাহস পাচ্ছেন না। সরকারিভাবে মূল্য নির্ধারণ করা হলে মিলের মালিকদের সুবিধা হতো। মিলে প্রচুর ধান আসত, আর তা চাল হয়ে বাজারে গেলে চালের দামও কমত। খাদ্য বিভাগের ঊর্ধ্বতন সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে বাজারে চালের দাম বেশি থাকায় সরকার দাম সহনীয় পর্যায়ে আসার জন্য অপেক্ষা করছে। তবে সংগ্রহ-অভিযানের জন্য পূর্ণ প্রস্তুতি রয়েছে। বোরো ওঠার পর চালের দাম ২৮ টাকার নিচে গেলেই দাম স্থির করে অভিযান শুরু করা হবে। উল্লেখ্য, গত বছর সরকার ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করেছিল প্রতি কেজি ১৭ টাকা। চালের দাম প্রথমে প্রতি কেজি ২৫ টাকা নির্ধারণ করা হয়। পরে ২৮ টাকায় উন্নীত করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল মজিদ আশা প্রকাশ করে প্রথম আলোকে বলেন, সরকার সংগ্রহমূল্য নির্ধারণ করলেই চাষিদের কম দাম পাওয়ার সমস্যার সমাধান হবে।