দাম কমতে পারে
এলপি গ্যাস: বাজেটে লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ সহজলভ্য করা ও ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এর ওপর বিদ্যমান ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার ও মূসক কমানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে এলপি গ্যাস ও গ্যাস সিলিন্ডার প্রস্তুতকারী শিল্পের উপকরণের দাম কমতে পারে।বৈদ্যুতিক বাতি: বাজেটে বিদ্যুৎসাশ্রয়ী টি-ফাইভ টিউবলাইট ও গ্রামাঞ্চলে সৌরশক্তিচালিত হারিকেন/বাতিসমূহের ওপর থেকে বিদ্যমান সম্পূরক শুল্ক ৬০ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার এবং এগুলোর ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশে নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া এলইডি ল্যাম্পের আমদানি শুল্কও ২৫ থেকে কমিয়ে ১২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাই এসব বাতির দাম কমতে পারে।প্লাস্টিকের তৈজসপত্র: দেশীয় শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রান্নাঘরে ব্যবহার্য প্লাস্টিকের তৈজসপত্রের ওপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব থাকায় এর দাম কমতে পারে।ক্যানসারের ওষুধ: বাজেটে কিছু সুবিধা দেওয়ায় ক্যানসারের চিকিৎসায় ব্যবহূত কেমোথেরাপির ওষুধ এবং থ্যালাসেমিয়া রোগীর রক্ত পরিশোধনে ব্যবহূত লিউকোসাইট ফিল্টারের ওপর প্রযোজ্য ৫ শতাংশ আমদানি শুল্ক ও ১৫ শতাংশ মূসক প্রত্যাহারের প্রস্তাব করায় এগুলোর দাম কমতে পারে।পার্টিকেল ও এমডিএফ বোর্ড: দেশের পরিবেশ রক্ষার স্বার্থে কাঠের বিকল্প হিসেবে ব্যবহূত পার্টিকেল ও এমডিএফ বোর্ডসহ সমজাতীয় বোর্ডের ওপর বিদ্যমান ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাবের ফলে কমতে পারে এজাতীয় পণ্যের দাম।পেইন্টস ও কংক্রিট রেডিমিক্স: পেইন্টসের ওপর থেকে সম্পূরক শুল্ক ৫ শতাংশ হ্রাস এবং উৎপাদন পর্যায়ে কংক্রিট রেডিমিক্স ও হলো কংক্রিট ব্লকের সম্পূরক শুল্ক প্রত্যাহারের ফলে এগুলোর দাম কমবে।বিস্কুট ও কেক: ১০০ টাকা মূল্যমান পর্যন্ত (প্রতি কেজি) হাতে তৈরি বিস্কুট ও কেকের ওপর উৎপাদন পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের প্রস্তাবে এর দাম কমতে পারে।দেশি মোটরসাইকেল: বাজেটে বিযুক্ত (সিকেডি) মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব থাকায় স্থানীয়ভাবে উৎপাদিত মোটরসাইকেলের দাম কমতে পারে।কটন ওয়েস্ট: কটন ওয়েস্টের ওপর প্রযোজ্য ৫ শতাংশ আমদানি শুল্ক ও ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের প্রস্তাব করা হয় বাজেটে। তাই এর দাম কমবে।আরও যেসব পণ্যের দাম কমতে পারে: এ ছাড়া বাজেটে কিছু সুবিধা দেওয়ায় আরও বেশ কিছু পণ্যের দাম কমতে পারে। এসব পণ্যের মধ্যে রয়েছে: পলিপ্রোপাইলিন ফিল্ম, মেলামিন বানানোর কাঁচামাল, ফ্ল্যাট রোল পণ্য, ডলোমাইড, গ্লাস ফাইবার, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম কার্বনেট, অকটানাল, আর-টুটু গ্যাস, রং করা প্লাস্টিক, ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড প্রভৃতি।