দাম কমাতে ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সাধারণ মানুষের আওতায় রাখতে সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা।গতকাল রোববার রাতে গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে তাঁরা এ আশ্বাস দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। বৈঠকে চাল, চিনি, তেল ও ডাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।জানা গেছে, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি, দেশের বাজারে ডলারের দাম ক্রমাগত বাড়তে থাকা, চট্টগ্রাম বন্দরের নানা সমস্যা, সরকারি বিভিন্ন সংস্থার অযাচিত হস্তক্ষেপসহ অভ্যন্তরীণ কিছু কারণে দেশের বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়ছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন। এ ছাড়াও বৈঠকে ব্যবসায়ীরা পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খুলতে ব্যাংকের অসহযোগিতা, হঠাৎ করে ডলারের মূল্যবৃদ্ধি এবং সুদের হার বাড়ানোর কথা জানিয়ে বলেন, এতেও পণ্যের দাম বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, তাঁদের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও ব্যবসায়ীদের একটি অংশ জিনিসপত্রের দাম বাড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে। এসব ব্যবসায়ীর কার্যক্রম তদারক করার জন্য সরকারি উচ্চপর্যায়ের তদারকি দল গঠনের প্রস্তাব করেন তাঁরা। ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে বাজারে চাহিদা অনুযায়ী খাদ্যদ্রব্য ছাড়ার অঙ্গীকার করেন।বৈঠক সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা অনানুষ্ঠানিক বৈঠক, আপনারা প্রাণ খুলে কথা বলতে পারেন।’ এরপর ব্যবসায়ীরা একে একে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। বৈঠকে কোনো মন্ত্রী উপস্থিত ছিলেন না।বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশে ১০ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে। আরও সাড়ে ১১ লাখ টন খাদ্য আমদানির অপেক্ষায় আছে। তিনি খাদ্যদ্রব্য অবৈধ গুদামজাত করার আইন কড়াকড়িভাবে আরোপ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।বৈঠকে জানানো হয়, চালের দাম কমানোর জন্য মোট ১০ লাখ টন চাল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা অচিরেই দেশে চলে আসবে। এসব চাল ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে। এর মধ্যে ভারত থেকে আমদানি করা তিন লাখ টন চাল দ্রুত দেশে আনার লক্ষ্যে ট্রাক ও রেলযোগে আনার সিদ্ধান্ত হয়েছে।বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে চাল বা ধানের মজুদ আইন সংশোধনের প্রস্তাব করা হয়। কারণ অনেক ধরনের ধান রয়েছে, যা বছরে মাত্র এক মৌসুমে উৎপন্ন হয়। তাই ধানের প্রকার ভেদে মজুদ আইন সংশোধনের প্রয়োজন। এ বিষয়ে এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মজুদ আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।ভোজ্যতেল ব্যবসায়ীরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দর অনেক বেড়েছে। তাই দেশের বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর প্রস্তাব করা হয়। এ ব্যাপারে আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিব ও মুখ্য সচিব বৈঠক করে ভ্যাট সহনীয় পর্যায়ে নির্ধারণ করার উদ্যোগ নেওয়া হবে।বৈঠকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক মো. হেলালউদ্দিন, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম, আবদুল মোনেম লিমিটেডের পরিচালক মহিউদ্দিন মোনেম, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম তালুকদার, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, খাতুনগঞ্জের ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমদ, মোস্তফা গ্রুপের পরিচালক মো. জহির, চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, চালকলের মালিকদের মধ্যে লায়েক আলী, নজরুল ইসলাম বসুনিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকে শেষে মাহবুব আলম তালুকদার প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে ব্যবসায়ীরা আজ প্রাণ খুলে তাঁদের সমস্যার কথা বলেছেন। আমাদের মনের মধ্যে যেসব দুঃখ-বেদনা ছিল, সব দূর হয়েছে। এখন আমরা পণ্যের স্বাভাবিক আমদানির ধারা অব্যাহত রাখব।’