দাম নিয়ন্ত্রণ অগ্রাধিকারে ছিল, উদ্যোগ ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম দামে ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করেছিল আওয়ামী লীগ। নির্বাচনী ইশতেহারে প্রথম অগ্রাধিকারই ছিল ‘দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ’ করা হবে। কিন্তু তিন বছর পর হিসাব আর মিলছে না। আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার মাস ২০০৯ সালের জানুয়ারিতে দেশে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক শূন্য ৬ শতাংশ। সেই মূল্যস্ফীতি এখন ১১ দশমিক ৫৮ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতি তো কমেইনি, বরং বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা পেয়েছিল ভালো একটি সময়ে। ২০০৮ সালের উচ্চ মূল্যস্ফীতির চাপ তখন কমে গেছে। বিশ্বমন্দার কারণে বিশ্বব্যাপী কমছিল খাদ্যপণ্যের দাম। এতে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা খুব বেশি কষ্টকর হয়নি। ফলে, ২০০৮ সালের সেপ্টেম্বরে যে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক শূন্য ৬ শতাংশ, ২০০৯ সালের জুনে তা নেমেছিল ২ দশমিক ২৫ শতাংশে। এরপর থেকেই পরিস্থিতি আবার পাল্টাতে শুরু করে। মূল্যস্ফীতি আর থেমে থাকেনি। দ্রুতই দুই অঙ্ক ছাড়িয়ে যায় এবং টানা ১০ মাস ধরে তা রয়ে গেছে। দেশ এখন উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে রয়েছে।বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, শুরুতে আওয়ামী লীগ বিশ্বমন্দার সুবিধা কাজে লাগাতে পেরেছিল। কিন্তু এখন আর পারছে না। সরকারের জ্বালানি আমদানি অনেক বেড়েছে। বৈদেশিক সাহায্য নেই। রপ্তানি ও প্রবাসী-আয়ের প্রবৃদ্ধি কম। চাহিদা ও জোগানের মধ্যে সামঞ্জস্য না হওয়ায় বাড়ছে ডলারের দাম। আবার সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে অতিমাত্রায় ঋণ নিচ্ছে। এসব কারণে মূল্যস্ফীতি বাড়ছে। সামনের দিনগুলোতে এ হার কমবে বলেও মনে হচ্ছে না। নির্বাচনী ইশতেহার: নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ পাঁচটি অগ্রাধিকারের কথা বলেছিল। এর মধ্যে প্রথমই ছিল দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা। ইশতেহারে বলা ছিল, ‘দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে। দেশজ উৎপাদন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সময়মতো আমদানির সুবন্দোবস্ত, বাজার পর্যবেক্ষণসহ বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হবে। মজুদদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, চাঁদাবাজি বন্ধ করা হবে। ভোক্তাদের স্বার্থে ভোগ্যপণ্য মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গড়ে তোলা হবে। সর্বোপরি, সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করে দ্রব্যমূল্য কমানো হবে ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হবে।’দুই অঙ্কের মূল্যস্ফীতি: অর্থনীতিবিদেরা মনে করেন, ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত মূল্যস্ফীতি সহনীয়। তবে তা ১০ শতাংশ ছাড়িয়ে গেলে অর্থনীতির সংকট অনেক বেড়ে যায়। অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ এখন দুই দিক থেকেই। খাদ্যসূচকে যেমন মূল্যস্ফীতি বেড়েছে, তেমনি খাদ্যবহির্ভূত সূচকেও বাড়ছে। অর্থাৎ চালসহ খাদ্যপণ্যের দর বৃদ্ধি তো আছেই, বিদ্যুৎ ও জ্বালানি বাড়ানোর প্রভাবও পড়ছে মূল্যস্ফীতিতে। আর এতে কষ্টে আছে দেশের সাধারণ মানুষ। কেননা, সীমিত ও স্বল্প আয়ের মানুষের আয়ের তুলনায় ব্যয় বাড়ছে বেশি। কমছে কেনার ক্ষমতা। বলা হয়ে থাকে, অর্থনীতির যে সূচকটি সবচেয়ে বেশি প্রভাবিত করে, সেটি হচ্ছে মূল্যস্ফীতি। একটি সরকারের জনপ্রিয়তার মাপকাঠি হয়ে আছে এ মূল্যস্ফীতি। স্বীকার করলেন অর্থমন্ত্রীও: চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মূল্যস্ফীতির চাপের কথা স্বীকার করেছিলেন। তবে তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন, বিভিন্ন পদক্ষেপের ফলে দীর্ঘ মেয়াদে এর চাপ কমবে। তিনি এর পরে মূল্যস্ফীতিসহ অর্থনীতির বিভিন্ন চাপের কথা গত নভেম্বর পর্যন্ত মানতেও চাননি। তবে এখন তিনি অর্থনীতির সংকটের কথা বলতে শুরু করেছেন। ১৯ ডিসেম্বর অর্থমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন, মূল্যস্ফীতির কারণে সব অর্থনৈতিক অর্জন ম্লান হয়ে যাচ্ছে। শুধু বিশ্বে মূল্যস্ফীতি হচ্ছে বলেই বাংলাদেশে মূল্যস্ফীতি হয়নি। দেশের অভ্যন্তরীণ কিছু নীতির কারণেই মূল্যস্ফীতি হয়েছে। ২১ ডিসেম্বর আরেক অনুষ্ঠানে তিনি আবারও বলেন, ‘দেশের জিডিপির প্রবৃদ্ধির হার এখন ৬ দশমিক ৭ শতাংশ। কিন্তু বর্তমান অর্থনৈতিক সংকটে বিশেষত, মূল্যস্ফীতির হার যেখানে ঊর্ধ্বমুখী, সেখানে এটা কোথায় গিয়ে দাঁড়াবে, সে বিষয়ে আমি নিশ্চিত না।’বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি: জার্মান অর্থনীতিবিদ রুডিগার ডরনবুশ সাম্প্রতিক একটি গবেষণায় দেখিয়েছেন, বিশ্বব্যাপী সরকারগুলোর শাসনামলে অর্থনৈতিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাই মন্ত্রিসভার রদবদলের শিকার হন সবচেয়ে বেশি এবং তাঁদের মন্ত্রিত্বের মেয়াদকালের সঙ্গে মূল্যস্ফীতির হারের নেতিবাচক সম্পর্ক রয়েছে।বিগত বিএনপি সরকারের সময় তিনবার বাণিজ্যমন্ত্রী বদল হয়েছিল। বর্তমান সরকারের সময় বদল হলো একবার। সাবেক বাণিজমন্ত্রী ফারুক খান বাজার তদারকে নিজেই বাজারে যেতেন। তাতে কাজ হয়নি। ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও তা মানেননি, বরং দাম বাড়িয়ে দিয়েছেন। বাজার তদারকে বাণিজ্য মন্ত্রণালয় বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে গত তিন বছরে। ফলে সয়াবিন তেলের বাজার ছিল সব সময়ই অস্থির। আটা-ময়দার দর ছিল নিয়ন্ত্রণহীন, বাজার থেকে উধাও হয়ে যায় চিনি, চালের বাজারও ছিল চড়া। সিন্ডিকেট নিয়ে অনেক কথা: নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের প্রতিশ্রুতি ছিল, ‘মজুদদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, চাঁদাবাজি বন্ধ হবে।’ এ নিয়েও গত তিন বছরে অনেক কথা হলেও কোনো কিছুই বন্ধ হয়নি। তবে সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান একাধিকবার বলেছেন, দেশে কোনো সিন্ডিকেট নেই। তবে অর্থমন্ত্রী এ এম এ মুহিত ২০১০ সালের আগস্টে একটি বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমি সিন্ডিকেট ভাঙার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু আজ দুঃখের সঙ্গে বলছি, সিন্ডিকেট আমরা ভাঙতে পারিনি। সিন্ডিকেট ভাঙা কঠিন। আসলে সংসদীয় গণতন্ত্রে সমস্যা এখানেই। বিত্তশালীরা সরকারের ভেতরে ঢুকে প্রভাব বিস্তার করে।’নামেই টিসিবি: দায়িত্ব নিয়েই সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান টিসিবিকে শক্তিশালী করা নিয়ে অনাগ্রহের কথা বলেছিলেন। তবে প্রধানমন্ত্রী টিসিবিকে পুনর্গঠনের কথা বললে ফারুক খান তাঁর অনাগ্রহের কথা আর কখনো বলেননি। তবে মুখে টিসিবিকে শক্তিশালী করার কথা বললেও বাস্তবে তা হয়নি। গত তিন বছরে সামান্য পরিবর্তন হয়নি টিসিবির। রোজার সময় টিসিবি নিয়ে অনেক আশাবাদ দেখানো হলেও কার্যত বাজারে প্রতিষ্ঠানটির কোনো প্রভাব নেই। ভোজ্যতেল, চিনি ও ডালের মতো কিছু পণ্য স্থানীয় বাজার থেকে সংগ্রহ করলেও তা ছিল সামান্য। দুই থেকে সর্বোচ্চ সাত দিনের চাহিদা মেটানোর মতো পণ্য বাজারে কোনো প্রভাবই ফেলতে পারেনি। সার্বিকভাবে তিন বছরে আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী ইশতেহারের প্রথম অগ্রাধিকারটি পূরণ করতে পারেনি। বরং মূল্যস্ফীতি এতটাই বেড়েছে যে এতে সামগ্রিক অর্থনীতিই চাপের মধ্যে পড়ে গেছে।