দাম বাড়বে ছয় মাস পরপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের পাইকারি দাম (বাল্ক ট্যারিফ) বাড়ছে এ মাসেই। চলতি মাস কিংবা আগামী মাসের (ফেব্রুয়ারি) ১ তারিখ থেকে বিতরণকারী কোম্পানিগুলোকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে বাড়তি দামে বিদ্যুৎ কিনতে হবে। আবার গ্রাহক পর্যায়ে মূল্যবৃদ্ধির ঘোষণাও আসবে আগামী মাসে। এই দামও পাইকারি বিদ্যুতের মতো একই সময় কার্যকর হতে পারে। এরপর আগামী অন্তত তিন বছর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে প্রতি ছয় মাস অন্তর, প্রায় ১২ শতাংশ হারে। তবে অপেক্ষাকৃত দরিদ্র শ্রেণীর গ্রাহক হিসেবে বিবেচনা করে প্রতি মাসে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে দাম কম বাড়ানো হতে পারে।পাইকারি মূল্যবৃদ্ধির বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রস্তাবের ওপর কাল বুধবার গণশুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানির পর এক সপ্তাহের মধ্যে রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে বিদ্যুৎকেন্দ্র মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য একটি তহবিল গড়ার শর্ত দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশের বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রগুলোর অধিকাংশ এত পুরোনো যে, এগুলোর স্বাভাবিক আয়ুষ্কাল শেষ। এখন এগুলো চালু রাখতে হলে নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণ অপরিহার্য। এ ছাড়া প্রতিটি বিদ্যুৎকেন্দ্রেরই প্রতিবছর কিছু মেরামতকাজ করতে হয়। এ জন্য বছরে প্রায় ৪০০ কোটি টাকা লাগে। কিন্তু এই টাকার সংস্থান না হওয়ায় বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম হঠাৎ হঠাৎ ব্যাহত হয়। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে এর বিরূপ প্রভাব অত্যন্ত প্রকট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিইআরসি বিদ্যুতের পাইকারি মূল্যবৃদ্ধির ক্ষেত্রে ‘বিদ্যুৎকেন্দ্র মেরামত তহবিল’ নামে একটি তহবিল গড়ার শর্ত আরোপ করছে।এর আগে, গ্যাসের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে বিইআরসি ‘গ্যাস উন্নয়ন তহবিল’ নামে একটি তহবিল গড়ার শর্ত দিয়েছিল। ফলে ইতিমধ্যে ওই তহবিলে প্রায় এক হাজার কোটি টাকা জমা হয়েছে, যা দেশের তেল-গ্যাস অনুসন্ধানে ব্যয় করা হবে।দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানোর কোনো বিকল্প নেই। কারণ, এই উপমহাদেশের মধ্যে আমাদের দেশেই বিদ্যুতের দাম সবচেয়ে কম। কিন্তু ভর্তুকি দিয়ে কোনোভাবেই বিদ্যুৎ কিংবা জ্বালানি খাতের উন্নয়ন সম্ভব হবে না। তার ওপর গ্যাসের মজুদ কমে যাওয়ায় আমাদের এখন তেলভিত্তিক উৎপাদন বাড়াতে হচ্ছে।’ ছয় মাস পরপর বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এভাবে বাড়ানোই ঠিক হবে। এতে মূল্যবৃদ্ধি গ্রাহকদের কাছে সহনীয় থাকবে। দাম বাড়ানোর প্রস্তাব: দাম বাড়ানোর প্রস্তাবে পিডিবি বলেছে, বিদ্যুতের সরবরাহ ব্যয় বাড়ার কারণে পিডিবির লোকসান বাড়ছে। এই লোকসান কমানোর জন্য ২০০৯-১০ সালে বিদ্যুতের প্রকৃত সরবরাহ ব্যয় এবং ২০১০-১১ ও ২০১১-১২ সালের প্রাক্কলিত ব্যয়ের ভিত্তিতে নির্ণয় করা সরবরাহ ব্যয় অনুযায়ী দাম বাড়ানো প্রয়োজন। পিডিবির হিসাব অনুযায়ী, ২০০৯-১০ সালে প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় ছিল দুই টাকা ৬২ পয়সা। কিন্তু বিতরণ কোম্পানিগুলোর কাছে পিডিবি প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করছে (বাল্ক বা পাইকারি) দুই টাকা ৩৭ পয়সা। কাজেই অন্যান্য ব্যয় অপরিবর্তিত থাকলেও শুধু তরল জ্বালানির ব্যবহার বৃদ্ধির কারণে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ২০১০-১১ সালে ইউনিটপ্রতি হবে তিন টাকা ৬২ পয়সা (বৃদ্ধির হার ৫২ দশমিক ৫৭ শতাংশ)। ২০১১-১২ সালে হবে প্রায় চার টাকা ৪১ পয়সা (বৃদ্ধির হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ)। ২০১২-১৩ সালে হবে প্রায় চার টাকা ৯৮ পয়সা (বৃদ্ধির হার ১১০ দশমিক ৩৮ শতাংশ)। এই ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো দরকার।এ ক্ষেত্রে বিতরণ কোম্পানিগুলোর লোকসান ঠেকাতে খুচরা পর্যায়েও (গ্রাহকের ক্ষেত্রে) একই হারে দাম বাড়াতে হবে। কিন্তু ওই হারে মূল্যবৃদ্ধি গ্রাহকের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে। তাই সেটা না করে, গ্রাহক পর্যায়ে মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার জন্য পিডিবির প্রস্তাব হচ্ছে, প্রতি ছয় মাস অন্তর বিদ্যুতের পাইকারি দাম ১২ শতাংশ হারে বাড়ানো। এই মূল্যবৃদ্ধি গত (২০১০ সালের) জুলাই মাস থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। সে অনুযায়ী, বর্তমানে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুতের দাম যেখানে দুই টাকা ৩৭ পয়সা, সেখানে ১ জুলাই ২০১০ থেকে তা করতে হবে দুই টাকা ৬৫ পয়সা। ১ জানুয়ারি ২০১১ থেকে তা হবে দুই টাকা ৯৭ পয়সা। ১ জুলাই ২০১১ থেকে তা হবে তিন টাকা ৩৩ পয়সা। ১ জানুয়ারি ২০১২ থেকে হবে তিন টাকা ৭২ পয়সা। ১ জুলাই ২০১২ থেকে হবে চার টাকা ১৭ পয়সা। ১ জানুয়ারি ২০১৩ থেকে চার টাকা ৬৮ পয়সা। এই হিসাবে প্রতিবছর পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির হার হয় ২৫ দশমিক ৩০ শতাংশ। তার পরও লোকসান: এই মূল্যবৃদ্ধির পরও সরবরাহ ব্যয়ের সঙ্গে উৎপাদন ব্যয়ের পার্থক্যের কারণে পিডিবির লোকসান হবে ২০১০-১১ সালে দুই হাজার ৩৩৪ কোটি টাকা; ২০১১-১২ সালে দুই হাজার ৯৫৯ কোটি এবং ২০১২-১৩ সালে দুই হাজার ৫৭ কোটি টাকা। কাজেই পিডিবির প্রস্তাব, ক্রমান্বয়ে দাম বাড়ানো এবং ২০১৪ সাল নাগাদ পাইকারি বিদ্যুতের দাম সরবরাহ ব্যয়ের সমান নির্ধারণ করা।পাইকারি বিদ্যুতের দাম সরবরাহ ব্যয়ের চেয়ে কম হওয়ায় সরকার ২০০৬-০৭ থেকে ২০০৮-০৯ সাল পর্যন্ত প্রতিবছর ৬০০ কোটি টাকা করে এবং ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা বাবদ ২০০৯-১০ সালে ৩৯৪ কোটি টাকা পিডিবিকে ঋণ দিয়েছে। এর মধ্যে ২০০৮ সালের ১ অক্টোবর থেকে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৬ শতাংশ বাড়ানো হয়। তবে তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম।