দাম বাড়ায় ফের উৎসাহী কক্সবাজারের লবণচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের লবণচাষিরা লবণ উত্পাদনের ব্যাপারে ফের উত্সাহী হয়ে উঠেছেন। বাজারে লবণের দাম কিছুটা বাড়ায় তাঁদের উত্সাহ বেড়েছে। জেলার বিভিন্ন উপকূলীয় এলাকা ঘুরে কৃষকদের মধ্যে এই আগ্রহ দেখা গেছে।সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়ন ঘুরে দেখা গেছে, চাষিরা মাঠে লবণ উত্পাদন করছেন। সাগরের লবণাক্ত পানি মাঠে সংরক্ষণ করে রোদে শুকিয়ে তৈরি করা হচ্ছে লবণ। পাশের গ্রাম খুরুশকুল, ঈদগাঁও, ভারুয়ালিতেও অন্তত ২০ হাজার একর জমিতে লবণের চাষ করা হচ্ছে।চৌফলদণ্ডীর মাইজপাড়া গ্রামের চাষি কাশেম আলী, শামসুল আলম ও সৈয়দ আলম জানান, তাঁরা তিনজন এবার ৯০ একর জমিতে লবণের চাষ করছেন। এরই মধ্যে তাঁরা ৩০ মেট্রিক টন লবণ উত্পাদন করেছেন। বিক্রি করেছেন প্রতি মণ ১২০ টাকায়। পাশের গ্রাম মাঝরপাড়ার চাষি কামাল হোসেন ও সিরাজ উল্লাহ জানান, জানুয়ারির প্রথমদিকে প্রতি মণ লবণ বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকায়। এখন দাম ২০ থেকে ৩০ টাকা বাড়ায় চাষিরা কোমর বেঁধে মাঠে নেমেছেন।কক্সবাজারের বিসিক কার্যালয়ের কর্মীরা জানান, গত বছরের মতো এবারও জেলার টেকনাফ, সদর, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া, চকরিয়া, উখিয়া ও রামু উপজেলায় ৭০ হাজার একর জমিতে লবণ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন। আর এ বছর সারা দেশে চাহিদা ধরা হয়েছে ১৩ লাখ ৩৩ হাজার মেট্রিক টন। গত এক মাসে এসব জমি থেকে ৪১ হাজার মেট্রিক টন লবণ উত্পাদিত হয়েছে। আগামী মে পর্যন্ত চলবে লবণ চাষের মৌসুম।বিসিক লবণ উত্পাদন প্রকল্পের সহকারী মহাব্যবস্থাপক মো. আজহারুল হক জানান, এবার মৌসুমের শুরুতে লবণের দাম কম থাকায় গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চাষিরা মাঠে নেমেছেন। আবার পলিথিনের দাম বাড়ায় অর্থসংকটে পড়ে অনেক চাষি উত্পাদন শুরু করতে পারেননি। এ কারণে এবার জেলায় প্রায় সাত হাজার একর জমিতে লবণের চাষ শুরু করা যায়নি। তিনি আরও জানান, গত বছর জেলার ৭০ হাজার একর জমিতে প্রায় ১৪ লাখ ৮৮ হাজার মেট্রিক টন লবণ উত্পাদিত হয়েছিল, যা জাতীয় চাহিদা থেকে দেড় লাখ টন বেশি।শিল্পমন্ত্রীর পরিদর্শন: গত বুধবার বিকেলে চৌফলদণ্ডী ইউনিয়নের একাধিক খেত পরিদর্শন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সেখানকার চাষিরা মন্ত্রীর কাছে লবণের ন্যায্যমূল্য ধরে রাখতে মিয়ানমার থেকে চোরাইপথে লবণ পাচার ও ভারত থেকে লবণ আমদানি বন্ধ, পলিথিনের দাম কমানো এবং চাষিদের জন্য লবণ বোর্ড গঠনের দাবি জানান।শিল্প মন্ত্রণালয় লবণচাষিদের জন্য একটি নীতিমালা করতে যাচ্ছে জানিয়ে শিল্পমন্ত্রী চাষিদের বলেন, ‘আনুষ্ঠানিকতা ছাড়াই চাষিদের অবস্থা দেখার জন্য সরাসরি মাঠে ছুটে এলাম এবং নীতিমালা তৈরির আগেই মাঠ ও চাষিদের অবস্থা দেখে নিলাম।’ তিনি লবণচাষিদের দাবি পূরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।