দাম বাড়ায় শিশুদের খাবারে টান
নিত্যপ্রয়োজনীয় পণ্যের রেকর্ড পরিমাণ দাম বাড়ার প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশের শিশুদের জীবনে। খাবারের দাম অতিরিক্ত বাড়ার কারণে উন্নয়নশীল দেশের মা-বাবারা তাঁদের শিশুদের খাদ্য তালিকায় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন।আন্তর্জাতিক সাহায্য সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর এক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। সংস্থাটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পেরু ও নাইজেরিয়ার মতো উন্নয়নশীল দেশের পরিবারগুলোর ওপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে। তাদের পক্ষে আন্তর্জাতিক জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্লোব স্ক্যান এই জরিপ চালিয়েছে।জরিপে অংশ নেওয়া প্রতি ছয় পরিবারের এক পরিবার জানিয়েছে, খাবারের সংস্থান করতে তারা ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। প্রায় ২৫ কোটি পরিবার গত বছর তাদের খাবারের জন্য ব্যয়ে কাটছাঁট করেছে। এ ছাড়া এক-তৃতীয়াংশ মা-বাবা জানিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না বলে তাঁদের সন্তানেরা অভিযোগ করে। ‘ক্ষুধামুক্ত জীবন: শিশুর অপুষ্টি মোকাবিলা’ শিরোনামের এ প্রতিবেদনটিতে সংস্থাটি বলছে, দ্রব্যমূল্য বাড়ার ফলে শিশুর অপুষ্টির হার বাড়তে পারে। এমনকি এটি শিশু মৃত্যুর হার কমার ক্ষেত্রে অর্জিত সাফল্য ম্লান করে দিতে পারে। সংস্থাটির দাবি, এ ব্যাপারে এখনই কোনো পদক্ষেপ নেওয়া না হলে আগামী ১৫ বছরে অন্তত ৫০ কোটি শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে।জরিপের জন্য এ পাঁচটি দেশকে বেছে নেওয়া প্রসঙ্গে সেভ দ্য চিলড্রেন বলছে, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের প্রায় অর্ধেকই এসব দেশে বাস করে।সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী জাস্টিন ফোরসিথ বলেন, শিশু মৃত্যুর হার কমার ক্ষেত্রে বিশ্ব নাটকীয় অগ্রগতি অর্জন করেছে। শিশু মৃত্যুর সংখ্যা এক কোটি ২০ লাখ থেকে নেমে ৭৬ লাখে দাঁড়িয়েছে। কিন্তু অপুষ্টির বিষয়টি সামাল দিতে না পারলে এ অগ্রযাত্রা ব্যাহত হবে।সংস্থাটি ক্ষুধা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব থেকে শিশুদের রক্ষা করার বিষয়ে যুক্তরাজ্যকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি আসন্ন লন্ডন অলিম্পিকের সময় সেখানে আসা বিশ্বনেতাদের নিয়ে ‘হাঙ্গার সামিট’ আয়োজনের জন্য যুক্তরাজ্যকে উদ্যোগ নিতে বলছে।