দাম বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কমাল পিডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর বিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে চাহিদার তুলনায় সরবরাহ কমবে এবং লোডশেডিং বাড়বে। অন্যদিকে উৎপাদন কম করায় পিডিবির লোকসান এবং এই খাতে সরকারের ভর্তুকি কমবে। অথচ বেশি উৎপাদনের ব্যয় দেখিয়ে পিডিবি ইতিমধ্যে বিদ্যুতের দাম বেশি হারে বাড়িয়ে নিয়েছে।বিদ্যুতের দাম বাড়ানোর কারণে গ্রাহককে বিলের ওপর আরোপিত মূল্য সংযোজন করও (মূসক) বেশি দিতে হচ্ছে। বাড়তি এই মূসকও পাচ্ছে সরকার।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর সর্বশেষ প্রস্তাবে পিডিবি দাবি করেছিল, এ বছর তারা চার হাজার ৬০০ কোটি ইউনিট (৪৬ হাজার মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ উৎপাদন করবে। সে অনুযায়ী জ্বালানি খরচ ও অন্যান্য ব্যয় হিসাব করে পিডিবি ওই প্রস্তাব করেছিল।বিইআরসি ওই প্রস্তাব পর্যালোচনা করে দেখেছে, এক বছরে ওই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে হলে প্রতিদিন সাড়ে নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নিশ্চিত ক্ষমতা (ফার্ম ক্যাপাসিটি) থাকা দরকার। কিন্তু পিডিবির সেই ক্ষমতা নেই। তা সত্ত্বেও পিডিবি ওই প্রস্তাব দিয়েছিল দাম বেশি বাড়ানোর যুক্তি হিসেবে বেশি উৎপাদন ব্যয় দেখাতে। শেষ পর্যন্ত বিইআরসি প্রস্তাবটি মূল্যায়ন করে পিডিবি চার হাজার কোটি ইউনিট (৪০ হাজার মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ উৎপাদন করবে ধরে দাম বাড়ানোর হিসাব করে।বিইআরসির ওই মূল্যায়ন অনুযায়ী প্রতিদিন আট হাজার মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ উৎপাদন করা দরকার। সেই ক্ষমতা এখন না থাকলেও ওই হিসাব ধরেই দাম বাড়ানো হয়েছে। কিন্তু পিডিবি ওই হিসাবও সংশোধন করে এ বছর তিন হাজার ৮০ কোটি ইউনিট (৩৮ হাজার মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পুনর্নির্ধারণ করেছে। এই হিসাবে দৈনিক সর্বোচ্চ সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে পিডিবি। বিদ্যুৎ খাত মহাপরিকল্পনার হিসাব অনুযায়ী, এ বছর দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হবে প্রায় সাড়ে আট হাজার মেগাওয়াট। কিন্তু উৎপাদনের লক্ষ্যমাত্রা কমানোর কারণে লোডেশেডিং বাড়বে।অথচ পিডিবি বেশি উৎপাদনের কারণে বেশি ব্যয়ের হিসাব দেখিয়ে বেশি হারে বিদ্যুতের পাইকারি দাম বাড়িয়ে নিয়েছে। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ওই পাইকারি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহক পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর আগেই পিডিবি উৎপাদন কমানোর ঘোষণা দিলে দাম হয়তো কম হারে বাড়ত।সরকারের লাভ: বিদ্যুতের দাম বেশি হারে বৃদ্ধি পাওয়ায় গ্রাহকের আর্থিক দায় বাড়লেও মূসকের মাধ্যমে বাড়তি লাভ হচ্ছে সরকারের।সরকার বিদ্যুৎ বিলের ওপর ৫ শতাংশ হারে মূসক আদায় করে। এ ছাড়া প্রতিটি বিলের সঙ্গে মিটার চার্জ, ডিমান্ড চার্জ প্রভৃতির ওপরও মূসক হিসাব করা হয়।বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানায়, পিডিবির সংশোধিত উৎপাদন পরিকল্পনা হিসাবে নিলেও এ বছর বিতরণ সংস্থাগুলো প্রতি মাসে গ্রাহকের কাছে বিদ্যুতের বিল করবে প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা। এই বিলের ওপর ৫ শতাংশ হারে মূসক হবে প্রায় ৮০ কোটি টাকা। এ হিসাবে এ খাতে বছরে সরকার মূসক পাবে প্রায় ৯৬০ কোটি টাকা।বিদ্যুৎ বিলের ওপর এই মূসকের বোঝা বেশি অনুভব করছেন শিল্প ও বাণিজ্যিক গ্রাহকেরা। তাঁরা বিদ্যুৎ বিলে মূসকের হার কমিয়ে ২ শতাংশ করার দাবিও জানিয়েছেন বিইআরসি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে।বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ৪৩ দশমিক ৭৫ শতাংশ। এতে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম চার টাকা থেকে বেড়ে পাঁচ টাকা ৭৫ পয়সা হয়েছে। বিদ্যুৎ বিলের ওপর মূসকও বেড়েছে ওই একই হারে, ৪৩ দশমিক ৭৫ শতাংশ। এই টাকা সরকার বাড়তি পাচ্ছে।