২০০৩ সালে সাত লাখ টাকা কাঠা দামে সাড়ে তিন কাঠা প্লটের জন্য আবেদন করেছিলেন আবদুর রব। প্লটও বরাদ্দ পান তিনি। কিন্তু নিয়মিত কিস্তি পরিশোধ না করায় তাঁর বরাদ্দ বাতিল করা হয়। সেই ছয় বছরের আগের দামে আবার ওই ব্যক্তিকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ গত বছর ওই আবাসিক এলাকায় প্রতি কাঠা জমির দাম ছিল ২০ লাখ টাকা। চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় গড়ে ওঠা ওই আবাসনের মালিক চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম জহিরুল আলম ইতিমধ্যে আবদুর রবের কাছে আগের দামে প্লট বিক্রির অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন ২০০৩ সালে খুলশী ভিআইপি আবাসিক এলাকা গড়ে তোলে। তখন অন্য ক্রেতাদের মতো কিস্তিতে সাড়ে তিন কাঠার ৬ নম্বর প্লটের জন্য আবেদন করেন আবদুর রব। তখন কাঠাপ্রতি দাম ধরা হয় ১০ লাখ টাকা। কিন্তু নিয়মিত কিস্তি পরিশোধ না করায় সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী চলতি বছরের জানুয়ারিতে ওই প্লট বাতিল করেন।করপোরেশন সূত্র জানায়, গত ১৭ জুন সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার পর দ্রুত ওই প্লট আগের ক্রেতার কাছে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করে এস্টেট শাখা। সিটি করপোরেশন ১৯৯৯ সালে প্রকল্প শুরুর পর প্রথম প্রতি কাঠা সাত লাখ টাকা নির্ধারণ করে। পরে সময়ের চাহিদা অনুযায়ী বাড়িয়ে ১০ লাখ, ১৫ লাখ ও সর্বশেষ গত বছর ২০ লাখ টাকা করা হয়। চট্টগ্রামের অভিজাত আবাসিক এলাকা খুলশীতে জায়গার দাম বেড়ে বর্তমানে প্রতি কাঠা ৩০ লাখ টাকার বেশি দাঁড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কিন্তু আবদুর রবকে ছয় বছর আগের দামেই জমিটি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। অথচ এ ধরনের বাতিল প্লট আবার আগের মালিককে ফিরিয়ে দিতে হলে করপোরেশনের সাধারণ সভার অনুমতি নেওয়া বাধ্যতামূলক।ভারপ্রাপ্ত মেয়র জহিরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাকে তো প্লট বিক্রির কথা বলা হয়নি। আবদুর রব নিয়মিত কিস্তি জমা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন। আমি অনুমতি দিয়েছি।’যোগাযোগ করা হলে প্লটের মালিক আবদুর রব দাবি করেন, ‘আমরা জমি ফিরে পেতে আবেদন করেছি। করপোরেশনের এস্টেট বিভাগের কর্মকর্তারাও রাজি হয়েছেন। এ অবস্থায় কিছু লোক আমাদের পেছনে লেগেছে। জমি নিয়ে আমরা ভাবছি না। প্রয়োজনে আদালতে যাব।’ জমির কিস্তির টাকা কেন জমা দেননি জানতে চাইলে আবদুর রব বলেন, ‘সিটি করপোরেশন কিস্তির টাকা দিতে আমাদের কোনো নোটিশ দেয়নি।’ কয়টি কিস্তি জমা দিয়েছেন জানতে চাইলে তিনি তা জানাতে অপারগতা প্রকাশ করেন।চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান আইন কর্মকর্তা সরওয়ার-ই-আলম বলেন, বাতিল হওয়া কোনো প্লট আগের ব্যক্তিকে ফিরিয়ে দিতে হলে ওই ব্যক্তির আবেদন প্রথমে করপোরেশনের সাধারণ সভায় উত্থাপন করতে হবে। সেখান থেকে আবেদনটি সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটিতে যাবে। কমিটি সেই আবেদন বাতিল অথবা মানবিক কারণে তাঁকে প্লট ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে সাধারণ সভায় প্রতিবেদন পাঠাবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে সাধারণ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।তবে এস্টেট অফিসার আহমুদুল হক দাবি করেন, ‘প্লটের মালিক নিয়মিত কিস্তি দিতে না পারায় প্লট বাতিল করা হয়। পরে তিনি সারচার্জসহ টাকা জমা দেন। এরপরই আমরা তাঁকে ওই জমি ফিরিয়ে দেওয়া যেতে পারে—এমন সুপারিশ করে মেয়রের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আর ভারপ্রাপ্ত মেয়র তা অনুমোদন করেছেন।’ তিনি বলেন, ‘আবেদনকারী হাইকোর্টের শরণাপন্ন হলে আমাদের ওই জায়গা তাঁকে দিতেই হবে।’তবে লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমদ বলেন, ‘এ ধরনের ঘটনায় হাইকোর্টে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা জমি কেনার জন্য একজন লোককে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তিনি সুযোগটি নেননি। তাই আমরা তা বাতিল করেছি।’