দামুড়হুদায় প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি চিকিৎসকের পদ শূন্য
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ও প্রাণিসম্পদ কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। একজন সহকারী (কম্পাউন্ডার) ও একজন ড্রেসার দিয়ে এই হাসপাতালে কোনো রকম জোড়াতালি দিয়ে উপজেলার প্রাণিসম্পদের চিকিৎসাসেবা চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, দামুড়হুদা উপজেলা কমপ্লেক্সের ভেতর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থাকলেও প্রায় ১২ কিলোমিটার দূরে দর্শনায় রয়েছে প্রাণিসম্পদ হাসপাতাল। প্রাণিসম্পদ কার্যালয়ে দাপ্তরিক কাজের জন্য কয়েকজন কর্মচারী রয়েছেন। কিন্তু দর্শনায় অবস্থিত হাসপাতালে ভেটেরিনারি সার্জন না থাকায় রোগাক্রান্ত পশুপাখির চিকিৎসা নিতে দূর-দূরান্ত থেকে আসা মালিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরজেন্দ্রনাথ সাহা গত বছরের ৩১ আগস্ট এবং ভেটেরিনারি সার্জন আনন্দ অধিকারী একই বছরের ৩ ডিসেম্বর দামুড়হুদা থেকে বদলি হয়ে যান। হাসপাতালের দায়িত্বরত কম্পাউন্ডার ও ড্রেসারের বিরুদ্ধেও রয়েছে এলাকাবাসীর নানা অভিযোগ। গাভির কৃত্রিম প্রজননের জন্য আসা ছয়ঘরিয়া গ্রামের বিশারত আলী বলেন, ‘পশু হাসপাতালে এমনিতেই প্রয়োজনীয় চিকিৎসার অভাব। তার ওপর যাঁরা আছেন, তাঁরা টাকা ছাড়া কোনো চিকিৎসা দেন না।’ হোসনে আরা নামের এক নারী অভিযোগ করেন, তাঁর ছাগলের বাচ্চা প্রসব করানোর সময় জোর করে ৩০০ টাকা হাতিয়ে নেন কম্পাউন্ডার জহুরুল ইসলাম ও ড্রেসার আমিরুল ইসলাম। কিন্তু পরে টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মা-ছাগলটি মারা যায়। একই ধরনের অভিযোগ রয়েছে এখানে পশুপাখির চিকিৎসা নিতে আসা কয়েকজন মালিকের।তবে কম্পাউন্ডার জহুরুল ইসলাম বলেন, ‘এখানে জোর করে কারও কাছ থেকে কোনো টাকা-পয়সা নেওয়া হয় না। তবে কেউ কেউ খুশি হয়ে দুই-১০ টাকা হাতে দিয়ে থাকেন।’ প্রাণিসম্পদ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, দামুড়হুদা উপজেলায় বর্তমানে ৫১ হাজার গরু, চার হাজার ৩৩০টি মহিষ, ৪৫ হাজার ১৩০টি ছাগল, চার হাজার ৭৬৫ ভেড়া, ৬৫০টি ঘোড়া, এক লাখ সাত হাজার ২০০টি হাঁস, পাঁচ লাখ ২০ হাজার ২৮০টি মুরগি ও ১০ হাজার কবুতর রয়েছে। এ ছাড়া এই উপজেলার লোকনাথপুরে রয়েছে মুরগির বাচ্চা উৎপাদনকারী একটি খামার। এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অজয় কুমার রায় বলেন, ‘প্রাণিসম্পদের সম্প্রসারণ, খামার পরিদর্শন, ঘাসচাষ, টিকাদানসহ প্রশাসনিক কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে চারদফা ঢাকায় পত্র পাঠানো হয়েছে। আশাকরি শিগগিরই সমস্যার সমাধান হবে।’