দামেস্ক রক্তাক্ত, জোড়া বোমা হামলায় নিহত ৫৫
সিরিয়ার রাজধানী দামেস্কে দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত ও ৩৭২ জন আহত হয়েছে। ১৪ মাস আগে সিরিয়ায় গণবিক্ষোভ শুরুর পর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। এ হামলার জন্য সরকারি ও বিরোধী পক্ষগুলো পরস্পরকে দায়ী করেছে।সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, দামেস্কের কেন্দ্রস্থলে আজ সকালের ব্যস্ত সময়ে একটি সামরিক গোয়েন্দা ভবনের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। হামলায় পুড়ে যাওয়া একটি গাড়ি ও গর্ত হয়ে যাওয়া দুটি স্থানের ছবি সম্প্রচার করে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লোকজনের দৃষ্টি কাড়তে প্রথমে একটি হামলা হয়। এর পরপরই বড় বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণে ১০ তলা সামরিক গোয়েন্দা ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।হামলার পর জরুরি নিহতদের শরীরের বিভিন্ন অংশ খুঁজতে দেখা যায় উদ্ধারকর্মীদের। তা ছাড়া তাঁরা বিভিন্ন ট্রাক দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে নিতে তত্পরতা চালান।সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত কফি আনান বলেন, হামলার ঘটনা ন্যক্কারজনক ও তা সব পক্ষের জন্যই ক্ষতিকর।প্রসঙ্গত, দামেস্কের কেন্দ্রীয় অঞ্চল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও গত কয়েক মাসে বেশ কয়েকবার বোমা হামলার শিকার হয়েছে। প্রায়ই নিরাপত্তা ভবন কিংবা সামরিক বহর লক্ষ্য করে হামলা চালায় নাশকতাকারীরা।জাতিসংঘের তত্ত্বাবধানে একটি দল দুই পক্ষকেই একটি শান্তিপ্রস্তাবে সম্মত করার প্রক্রিয়া চালালেও সংঘাত থামছে না। গত বুধবার রাতেও সংঘাতপূর্ণ হোমস শহরে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। আজ বৃহস্পতিবারের হামলা শুরু হয় দামেস্কের দক্ষিণাঞ্চলীয় আল-কাজাজ উপশহর থেকে।