দামেস্কে গাড়িবোমা হামলায় নিহত ৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কে গাড়িবোমা হামলায় অন্তত ৫৩ জন নিহত ও ২০০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে দেশটির ক্ষমতাসীন দল বাথ পার্টির প্রধান কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টরাই এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে সিরিয়া। গাড়িবোমা হামলার পর টেলিভিশনের ভিডিওচিত্রে দেখা গেছে, রাস্তার ওপর মানুষের মৃতদেহ ও ভাঙাচোরা গাড়ি পড়ে আছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট যারা বিদেশি সহযোগিতা পেয়ে থাকে, তারাই এই হামলা চালিয়েছে। এর আগে ২০১১ সালের মার্চে এ রকম কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন আল-নুসরা গ্রুপ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানীর কেন্দ্রস্থলে মাজারা এলাকায় বাথ পার্টির কার্যালয় ও রাশিয়ার দূতাবাসের কাছে এই গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, এই হামলার ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত ও ২০০ জন আহত হয়েছে। তবে সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, ওই হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই সাধারণ মানুষ। রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, ওই এলাকায় বাথ পার্টির কার্যালয় ও রাশিয়ার দূতাবাস ছাড়াও স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবন অবস্থিত। এ কারণে হামলায় হতাহত লোকজনের মধ্যে স্কুলের শিক্ষার্থী এবং সাধারণ মানুষও আছে।