দামেস্কে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল বুধবার সকালে দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।এ জোড়া হামলার ঘটনায় কমপক্ষে ১২০ ব্যক্তি আহত হয়েছে। চিকিত্সার জন্য আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।দামেস্কের জারামানা এলাকায় বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করে। শহরটি দ্রুজ সম্প্রদায় ও খ্রিষ্টান ধর্মাবলম্বী-অধ্যুষিত এলাকা বলে পরিচিত।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, আত্মঘাতী একজন হামলাকারীর গাড়ি বিস্ফোরণে বেশির ভাগ লোক নিহত হয়। পরে আরেকটি গাড়ি বিস্ফোরিত হয়। এতে মোট ৫৪ জন নিহত হয়।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, ‘সন্ত্রাসীরা জারামানার কেন্দ্রস্থলে দুটি গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক রেখেছিল। এর বিস্ফোরণে স্থানীয় লোকজন প্রাণ হারায় এবং আবাসিক ভবন ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।’এর আগে জারামানায় গত ২৯ অক্টোবর গাড়িবোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিল। শহরটিতে গত ২৮ আগস্টের পর চারটি হামলা হয়েছে।এদিকে দামেস্কের পূর্বে বিদ্রোহী-নিয়ন্ত্রিত জাবাদানি শহরে সেনাবাহিনী গতকাল আধা ঘণ্টা ধরে অন্তত ৫০টি ট্যাংক থেকে গোলাবর্ষণ করে। বিদ্রোহীরা জানায়, তাদের নিয়ন্ত্রণে আসার পর থেকে চার মাস ধরে শহরটিতে টানা গোলাবর্ষণ করে চলেছে সরকারি বাহিনী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গত বছরের মার্চে গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে অব্যাহত সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।