দামেস্কে প্রচণ্ড লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কে আজ সোমবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী ও সরকার বিরোধী বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে রয়টার্স ও বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।ঘটনাস্থল থেকে মানবাধিকার কর্মীরা জানান, দামেস্কের মিদান ও জাহেরা এলাকায় এখন দুই পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে।১৭ মাস ধরে সিরিয়ায় চলমান বাশার আল আসাদ-বিরোধী আন্দোলনের সময় রাজধানী দামেস্কে এত বড় সংঘর্ষের ঘটনা আর ঘটেনি বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, দামেস্কের বেশ কয়েকটি উপশহরে বিরোধী ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা প্রবেশ করায় সরকারি সেনাসদস্যরা তাঁদের বিরুদ্ধে ট্যাংক ও মর্টার ব্যবহার করছেন। সেখানকার বিভিন্ন উপশহরের আকাশে কালো ধোয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।রামি আবদেল রহমান বলেছেন, উভয় পক্ষের মধ্যে দামেস্কের টেদহামন, মিদান, কাফার সৌসেহ, নাহর আয়শা, সিদি কোয়াদাদ ও ফিলিস্তিনি শরণার্থী-শিবিরের আশেপাশে তুমুল সংঘর্ষ চলছে। এমন সংঘর্ষ এর আগে আর দেখা যায়নি। সরকারি সেনাসদস্যরা এই শহরগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। তবে তাঁরা তাতে সফল হননি।সিরিয়ার সংঘাতকে পুরোমাত্রায় গৃহযুদ্ধ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক রেডক্রস। সংস্থাটি বলছে, সংঘর্ষ এখন আর কিছু এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই। তা অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়ছে।এদিকে সিরিয়ার হামা প্রদেশের ত্রেমসেহ গ্রাম পরিদর্শন করেছেন জাতিসংঘের পর্যবেক্ষকেরা। পরিদর্শনের পর পর্যবেক্ষকেরা নিশ্চিত করেন, গণহত্যার সময় ভারী অস্ত্রের ব্যবহার হয়েছে। বিদ্রোহীদের লক্ষ্য করেই সরকারি বাহিনী ভারী অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন আজ সোমবার চীন সফরে যাচ্ছেন।সিরিয়ার চলমান সহিংসতার অবসান এবং সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি সিরিয়াবিষয়ক বিশেষ দূত কফি আনানও আজ রাশিয়া সফরে যাচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এ ছাড়া কাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।সিরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করবে মরক্কো: মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সে দেশ থেকে সিরিয়ার রাষ্ট্রদূতকে দ্রুত চলে যেতে বলা হয়েছে। এ ছাড়া মরক্কোয় সিরিয়ার ওই রাষ্ট্রদূতকে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে সিরিয়ার দূতাবাস থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।