দামেস্কে বাথ পার্টির কার্যালয়ে গ্রেনেড হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কে আজ রোববার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাথ পার্টি ভবনে কমপক্ষে দুটি রকেট চালিত গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী, স্থানীয় অধিবাসী ও সরকারবিরোধী কর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকাটি ঘিরে রেখেছেন। এ ছাড়া বাথ পার্টির কার্যালয় থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে, আজ ভোরের দিকে ভবনটিতে রকেট চালিত গ্রেনেড হামলা করা হয়েছে। এ সময় ভবনটি প্রায় ফাঁকা ছিল।বিবিসির দামেস্কে অবস্থানরত প্রতিবেদক ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন দেখেননি। তবে জানিয়েছেন, এলাকাটিতে রাতভর গোলাগুলির শব্দ শোনা গেছে। এদিকে দেশটির সরকারবিরোধী লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) দাবি করেছে, দামেস্কের বাথ পার্টির ভবনে রকেট চালিত গ্রেনেড হামলা চালানো হয়েছে। যদিও দামেস্কের বর্তমান পরিস্থিতিতে বিদেশি সাংবাদিকেরা খবরের সত্যতা নিশ্চিত করতে সক্ষম হননি। খবর সত্য হলে গত মার্চে আসাদবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এটাই হবে রাজধানী দামেস্কে বিরোধীদের প্রথম হামলা।