দামেস্কে মর্টার হামলায় ১৫ শিক্ষার্থী নিহত
সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত দামেস্ক বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক মর্টার হামলায় ১৫ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। গতকাল বৃহস্পতিবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, মর্টারটি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যকলা অনুষদের ওপর এসে পড়ে। তবে বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি জানায়, মর্টারটি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে আঘাত হেনেছে। এদিকে সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া জানায়, মর্টারটি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাফেটেরিয়ার ওপর আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে।সিরিয়ায় দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে সরকার ও বিরোধী উভয় পক্ষ প্রায়ই মর্টার ব্যবহার করে থাকে। গত সোমবারও মর্টার হামলায় দামেস্কে পাঁচজন নিহত হয়েছে।