দামেস্কের আদালতপাড়ায় বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের প্যালেস অব জাস্টিসে আজ বৃহস্পতিবার দুটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংবাদে এ কথা জানানো হয়। তবে এখন পর্যন্ত হতাহতের খবর জানা যায়নি। প্যালেস অব জাস্টিসের এলাকার ভেতরে কয়েকটি আদালত অবস্থিত।ডন ডটকমে প্রচারিত এক সংবাদে রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বলা হয়েছে, দামেস্কের আল-মারজেহ জেলায় প্যালেস অব জাস্টিসের গাড়ি রাখার স্থানে দুটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। সেখানে পেতে রাখা তৃতীয় বোমাটি অবিস্ফোরিত রয়েছে। দেশটির কর্মকর্তারা ধারণা করছেন, সরকারবিরোধীরা এ হামলা চালিয়েছে।পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দুজন বিচারকের দুটি গাড়িতে বোমা বিস্ফোরিত হয়। তৃতীয় বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সংবাদে দেখা গেছে, গাড়ি রাখার স্থান থেকে ধোঁয়া উঠছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।