দামেস্কের উপশহর সরকারি সেনাদের নিয়ন্ত্রণে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী গতকাল রোববার রাজধানী দামেস্কের আল ঘোউটা উপশহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।সরকারি সেনারা ওই উপশহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে গতকাল রোববার বিদ্রোহী সেনাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়। প্রত্যক্ষদর্শী ও সরকারবিরোধী আন্দোলনকারীরা দাবি করেছে, গতকাল রোববার সিরিয়া জুড়ে সরকারবিরোধী অভিযানে কমপক্ষে ৬০ ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে বিদ্রোহী সেনাদের নিয়ন্ত্রণে থাকা দামেস্কের উপশহরে ২৬ জন নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সশস্ত্র বিদ্রোহী সেনাদের পৃথক দুটি হামলায় কমপক্ষে ১৬ সেনা নিহত হয়েছে।আন্দোলনকারীরা জানিয়েছে, ট্যাংক ও ভারী অস্ত্রে সজ্জিত হয়ে সরকারি সেনাবাহিনী গতকাল রোববার বিদ্রোহী সেনা অধিকৃত দামেস্কের পূর্ব ও উত্তরাঞ্চলের উপশহরে অভিযান শুরু করে। শান্তিচুক্তি বাস্তবায়ন ও সহিংসতা বন্ধে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে গত শনিবার আরব লিগ তাদের সিরিয়া মিশন স্থগিত করে। আরব লিগের এ পদক্ষেপের এক দিন পরই সিরিয়ায় বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটল।সিরিয়ায় পর্যবেক্ষক মিশন স্থগিত করায় আরব লিগের তীব্র নিন্দা করেছে রাশিয়া ও দামেস্ক। আরব লিগের এই সিদ্ধান্ত দেশটিতে বিদেশি আগ্রাসন উসকে দেবে বলেও অভিযোগ করেছে সিরিয়া। এদিকে, সিরিয়া সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনা চলছে। রাশিয়া এ প্রস্তাবে ভেটো দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৪০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।