দামেস্কের কাছে তীব্র লড়াই
সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলের শহর আলেপ্পোতে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার বিবিসির খবরে বলা হয়, সেনারা দামেস্কের দক্ষিণে বিদ্রোহীদের দখলে থাকা হাজার আল-আসওয়াদ নামের এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিবেদনে, ওই এলাকার বাসিন্দাদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, সেনারা অনেক ‘সন্ত্রাসী’কে হত্যা করেছেন।এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলেছিল, ইদলিব ও হামা এলাকায় নিরস্ত্র মানুষের ওপর সিরীয় সেনাবাহিনী নির্বিচারে আকাশ ও ভূমি থেকে আক্রমণ চালাচ্ছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বের মনোযোগ দামেস্ক ও আলেপ্পোতে কেন্দ্রীভূত থাকায় হামা ও ইদলিবের দিকে কেউ তাকায়নি।এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সালেহি বলেন, এই রক্তক্ষয়ী সংঘর্ষের একমাত্র সমাধান হলো সিরিয়ার টিকে থাকা এবং সিরিয়াকে একটি পরিবার বিবেচনা করা।তুর্কি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্রোহীরা সেনাবাহিনীর সঙ্গে সারা রাত যুদ্ধের পর তুর্কি সীমান্তে তাল আল-আবিয়াদ নামের একটি সীমান্তচৌকি দখল করে নিয়েছে। ফলে বিদ্রোহীরা সহজে তুরস্কের মধ্য দিয়ে প্রয়োজনীয় রসদ ও অস্ত্র সিরিয়ার ভেতরে নিতে পারবে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার সকালে সেনাবাহিনী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুয়াধ্যামিয়া, জাদিদাদ আরতৌজ এবং কানাকির, কুদসায়া থেকে উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণের কাদ্দাম, আসালি ও হাজার আল-আসওয়াদে হামলা চালিয়েছে।বিদ্রোহীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই সব অঞ্চলে সিরীয় সেনাবাহিনী ভারী অস্ত্র নিয়ে বিমান ও ভূমি থেকে আক্রমণ চালিয়েছে।বিদ্রোহীদের একটি সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আজ সারা দেশের বিভিন্ন স্থানে যুদ্ধে প্রায় ৬২ জন নিহত হয়েছে।