দামেস্কের শহরতলিতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলি জারামানায় জানাজার অনুষ্ঠানে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসির এক খবরে এ কথা নিশ্চিত করা হয়। সংবাদে বলা হয়, বোমা হামলায় এখন পর্যন্ত আহতের সংখ্যা ৪৮।সিরিয়ার যুক্তরাষ্ট্রভিত্তিক সরকারবিরোধী দলটি জানিয়েছে, ওই জানাজা ছিল প্রেসিডেন্ট বাসার-আল-আসাদের দুজন সমর্থকের। তাঁরা গতকাল সোমবার এক বোমা হামলায় মারা যান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার এক খবরে বলা হয়, বোমটি একটি ট্যাক্সিতে করে ওই স্থানে নিয়ে যাওয়া হয়। টিভিতে প্রচারিত সংবাদে দেখা যায়, বিস্ফোরণস্থলে অনেক গাড়ি এবং আশপাশের ভবন ধ্বংস হয়ে গেছে। ২০১১ সালের মার্চের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধে প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে। উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ।