দামেস্কের শহরতলিতে সেনা অভিযান, বহু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় রাজধানী দামেস্কের শহরতলি সাকবা এলাকায় সেনারা বিক্ষোভকারীদের পাকড়াও করতে বাড়ি বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে। গতকাল বুধবার রাতে চালানো ওই অভিযানে অনেককে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা রয়টার্স সাকবার একজন বাসিন্দার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সাকবার একজন নারী বাসিন্দা বার্তা সংস্থাকে বলেন, ‘সেনারা কোথা থেকে এসেছে তা বলেনি। জনগণ ধারণা করছে যে তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদের চতুর্থ ডিভিশনের সেনা।’ তিনি আরও বলেন, ‘সেনারা এখানে আসার পর যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। অভিযানের সময় সেখানে কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। সাকবায় বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। তার পরও সেনারা অনেককে গ্রেপ্তার করে নিয়ে যায়।’ প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অপসারণের দাবিতে সাকবায় গত শুক্রবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনী এবং আসাদের অনুগত বন্দুকধারীদের হামলায় ৫৬০ জন বিক্ষোভকারী নিহত হয়। গত ১৮ মার্চ দেশটির দেরা শহর থেকে এ বিক্ষোভ শুরু হয়। সিরিয়ার মানবাধিকার সংগঠন ইনসান জানিয়েছে, পরিবারের সদস্যরা পুরো সিরিয়ায় দুই হাজার ৮৪৩ জন বিক্ষোভকারী আটক থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ সংখ্যা আট হাজারের মতো হতে পারে। নিরাপত্তা বাহিনী শুধু দেরা শহর থেকে আট শতাধিক বিক্ষোভকারীকে ধরে নিয়ে গেছে ।