দাম্পত্যে টানাপোড়েন এবং...
দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি থাকতেই পারে। মান-অভিমানও হতে পারে। কখনো কখনো সেই মান-অভিমান সীমা ছাড়িয়ে গেলে সম্পর্কে টানাপোড়েন দেখা যায়। প্রথমে ব্যক্তি পর্যায়ে, পরে পারিবারিকভাবে সমাধান না হলে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যান। বিবাহিত জীবনের কোন সময় এই টানাপোড়েন শুরু হয়? কোন বয়সের দম্পতিরা অভিযোগ নিয়ে আসে? আর তাদের অভিযোগই বা কী? এমন সব বিষয় নিয়ে কথা হয় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সঙ্গে। তাদের কাছে নানা সময় নারীরা আসেন পারিবারিক নির্যাতনের শিকার হয়ে। হোক তা শারীরিক কিংবা মানসিক। ‘সাধারণত ২৫ থেকে ৩৫ বছরের নারীরা সমস্যা নিয়ে বেশি আসেন আমাদের কাছে। অনেকেই শুরুতে মানিয়ে নিতে পারেন না। তাঁরা চেষ্টা করেন মানিয়ে নেওয়ার। তবু তাঁরা সরাসরি আইনি সহায়তা না চেয়ে সমঝোতার মাধ্যমে বিয়ে টিকিয়ে রাখতে চান। তবে আগের চেয়ে বাস্তবতায় খানিকটা পরিবর্তন হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের একটি পরিসংখ্যানে দেখা যায়, বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে এগিয়ে। কর্মজীবী মেয়েরা এখন অনেক সিদ্ধান্ত নিতে পারেন। গৃহিণীরা অর্থাৎ যাঁরা উপার্জন করতে পারেন না। তাঁরাই নানা ধরনের নির্যাতনের শিকার হন। আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ার কারণে এই নারীরা সিদ্ধান্তহীনতায় ভোগেন। সমাজ বা চারপাশের ভয়ে সব সহ্য করেন।’ বললেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। ‘অভিজ্ঞতা থেকে দেখতে পাই, পারিবারিক এসব সমস্যার অন্যতম প্রধান কারণ স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক। বিশেষ করে ৩৫ থেকে ৪৫ বছরের নারীরা এ ধরনের সমস্যায় পড়েন। তখন বুঝতে পারেন না কী করবেন তাঁরা। এ ছাড়া অন্য কারণের মধ্যে রয়েছে যৌতুক, ইন্টারনেটের মাধ্যমে অন্য নারীর প্রতি স্বামীর মোহ, বিকৃত মানসিকতা, স্বামীর মাদকাসক্তি সহ্য করতে না পারা। অনেক স্বামীর অভ্যাস হলো স্ত্রীকে অহেতুক হেনস্তা করা, সন্দেহ করা, এমনকি শারীরিক নির্যাতন করা।’ তিনি আরও বলেন, ‘নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর নারীরা সাধারণত পারিবারিক নির্যাতন নিয়ে আলোচনা করেন। আমাদের সহযোগিতা চান। কিন্তু সমস্যা হয় উচ্চবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত শ্রেণীর। সমাজ ও লোকলজ্জার ভয়ে তাঁরা নীরবে সব চুপচাপ সহ্য করে যান।’জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) ‘বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০০৭’ দেশের ছয়টি অঞ্চলে চালানো হয়। জরিপে দেখা যায়, ২৫ থেকে ২৯ বছরের নারীদের মধ্যে ৫৪.৫ শতাংশ স্বামীর হাতে শারীরিক ও যৌন নির্যাতনের অভিজ্ঞতার কথা বলেন। ৫৫.২ শতাংশ নারী যাঁদের বয়স ৩০ থেকে ৩৪ বছরের মধ্যে এবং ৩৫ থেকে ৩৯ বছর বয়সের ৫৭.৮ শতাংশ নারী এই নির্যাতেনর শিকার হয়ে থাকেন। এই জরিপে আরও দেখা যায়, গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে নির্যাতনের হার বেশি। এখানেও এটি পরিষ্কার বলা হয় যে, কর্মজীবী নারীরা কম নির্যাতনের শিকার হন। এখানে দেখা যায়, ২৫ থেকে ৪৪ বছরের মধ্যে ৩৫ থেকে ৪৪ বছর বয়সের তুলনায় বিবাহবিচ্ছেদের সংখ্যা বেড়ে যায়। ‘আসকে প্রথমে নারীরা তাঁদের অভিযোগ নিবন্ধন করেন। পরে সালিসের মাধ্যমে পারিবারিক সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কেননা, অনেকে মামলা করতে চান না। তখন স্বামীকে ডেকে এনে আলোচনার মাধ্যমে সমঝোতা করা হয়। এ ক্ষেত্রে মেয়েটির ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হয়। তিনি যদি সংসার করতে না চান তাহলে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি, এমনকি সমঝোতা হলেও তা ফলোআপ করি।’ বলেন আসকের আইনজীবী নাহিদ শামস। তিনি আরও বলেন, ‘স্বামীর চারিত্রিক সমস্যা থাকলে বিবাহিত জীবনের শুরুতেই স্ত্রীরা বুঝে যান। কেউ কেউ মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। যাঁরা পারেন না তাঁরা আমাদের কাছে আসেন, যদি স্বামীকে বুঝিয়ে তাঁর স্বভাব পরিবর্তন করা যায়! আমার অভিজ্ঞতা বলে, ১০ বছরের দাম্পত্য জীবনের পর আবার নতুন করে সমস্যা দেখা দেয়। আসলে একেকজনের সমস্যা একেক সময় হয়।’ আসকের কাউন্সেলর নাসিমা আকতার বলেন, ‘কাউন্সেলিংয়ের জন্য সাধারণত ২০-৪২ বছরের নিম্নবিত্ত শ্রেণীর নারীরা সরাসরি নির্যাতনের কথা বলতে আসেন। সমাজকে তাঁরা পরোয়া করেন না। মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের বেশি সমস্যা। তাঁরা সামাজিক লোকলজ্জার ভয়ে স্বামী কিংবা শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে থাকেন। তবে পারিবারিক আইনগুলো অনেক নারী জানেন না। এগুলো তাঁদের জানা উচিত।’