দায়টা রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও তদন্ত কর্মকর্তার, দাবি সাক্ষীর
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা মানবতাবিরোধী একটি অভিযোগে খালাস পাওয়ার দায় রাষ্ট্রপক্ষের ওপর চাপালেন সাক্ষী। আজ মঙ্গলবার রায় ঘোষণার পর সাক্ষী মোজাফফর আহমেদ খান এ কথা বলেন।কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়। এর মধ্যে চার নম্বর অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে চতুর্থ অভিযোগ অনুসারে, ১৯৭১ সালের ২৫ নভেম্বর কাদের মোল্লা ও ৬০-৭০ জন রাজাকার কেরানীগঞ্জ থানার ভাওয়াল খানবাড়ি ও ঘাটারচরে (শহীদনগর) শতাধিক নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা করেন।কাদের মোল্লার বিরুদ্ধে চার নম্বর অভিযোগের প্রধান সাক্ষী মোজাফফর আহমেদ খান বলেন, ‘এ রায় আমাদের হতাশ করেছে। এই অভিযোগ প্রমাণিত না হওয়ার দায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও তদন্ত কর্মকর্তার। আমরা যারা সাক্ষী দিতে এসেছিলাম, তারা জীবনের ঝুঁকি সত্ত্বেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এসেছিলাম। খালাস পাওয়ার পর আমাদের বলার আর কিছুই রইল না।’ আজ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছিল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে তাঁর ১৫ বছর করে কারাদণ্ড হয়েছে। চতুর্থ অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।