দায়ী করা হচ্ছে সদনের শিশুদেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবার না পেয়ে রাজশাহী সরকারি শিশুসদনে আগুন লাগানোর ঘটনায় সদনের শিশুদের দায়ী করা হচ্ছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার এই ঘটনার পর সদনের সভাপতি ও রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান বিভাগীয় তদন্ত কমিটি করে এক দিনের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালককে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিলেও তা আজ শনিবার পর্যন্ত দেওয়া হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও অন্য একটি তদন্ত কমিটি কাল রোববার কাজ শুরু করবে বলে জানা গেছে। তদন্ত প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হামিদা বেগম বলেন, ‘তদন্তের আর কী? তদন্ত তো তখনই হয়ে গেছে। নিয়ম অনুযায়ী ১৮ বছরের বেশি বয়সী ছেলেরা এখানে থাকতে পারবে না। কয়েকজন বাচ্চার বয়স ১৮ বছরের বেশি হয়ে গেছে। তারা এখান থেকে যেতে চায় না। তারাই এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’ তিনি বলেন, তিনি এই সদনে কোনো অনিয়ম হতে দেবেন না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন।খাবার দেওয়ার অনিয়মের ব্যাপারে জানতে চাইলে হামিদা বেগম বলেন, দুপুরের খাবারের সময় মাংস দিতে একটু দেরি হয়েছিল। জানতে চাইলে রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান বলেন, কাল রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনার তদন্ত করা হবে। কয়েকজন বাচ্চার বয়স ১৮ বছরের বেশি হয়ে গেছে। কেউ তাদের ইন্ধন দিচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই শিশুসদনে ১০৭ জন শিশু আছে। শিশুদের অভিযোগ, গত কদিন ধরে কর্তৃপক্ষ অনিয়মিতভাবে খাবার পরিবেশন করছে। গত বৃহস্পতিবার দুপুরের খাবার বিকেল পাঁচটায় দেওয়া হয়। পরের দিন শুক্রবার বিকেল চারটা বেজে গেলেও তাদের দুপুরের খাবার দেওয়া হয়নি। খাবার না পেয়ে সদনের ছোট বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয়। একপর্যায়ে গতকাল বাচ্চাদের কয়েকজন গিয়ে সদনের লাকড়ির স্তূপে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নেভান।