‘হামার সংসার হামাকেই দ্যাখা লাগবি। উপায় নাই! একন আর পুরুষ-নারী বলতে কুনো কথা হামাকেরে গাঁয়োত নাই। স্বামী দীর্ঘদিন অচল। দুই মিয়ে ঢাকায়। একটা ছেলে ফাইবে পড়ে। স্বামী-সংসার, ছেলের খরচ হামি ছাড়া কে চালাবি।’ কী করেন, কীভাবে সংসার চলছে জানতে চাইলে একবারেই কথাগুলো বলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পশ্চিম গণকপাড়া গ্রামের ষাট ছুঁই ছুঁই বয়সী হালিমা বেগম। অভাবের সঙ্গে লড়াই করে একটু ভালোভাবে বেঁচে থাকার আশায় প্রতিনিয়ত লড়াই করে চলেছেন তিনি।শীতের সকালে অনেকেই যখন লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে, তখন শুধু হালিমা বেগমই নন, ওই গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে কুয়াশার পর্দা ভেদ করে কাজের সন্ধানে ছুটতে শুরু করেন। ১১ জানুয়ারি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গ্রামটিতে গিয়ে এ দৃশ্যই দেখা গেছে। উন্নয়নবঞ্চিত গ্রামটির মানুষগুলো আজকের দিনটা ভালোভাবে কাটাতে পারলেই যেন খুশি। সড়কের মাটি কেটে আর দারকি বানিয়ে যাঁদের জীবন চলে, তাঁদের আসলে অন্য কিছু ভাবার অবকাশ খুব একটা নেই। গ্রামবাসী জানায়, বাপ-দাদার আমল থেকে এ গ্রামে মাছ ধরার ফাঁদ দারকি তৈরির কাজ চলছে। বর্ষা মৌসুমে ছোট মাছ ধরার কাজে দারকির ব্যাপক চাহিদা থাকায় এখানে সারা বছরই চলত দারকি তৈরির কাজ। দারকি তৈরির ব্যস্ততা, ক্রেতাদের হাঁক-ডাক আর বাঁশ কাটার শব্দে ভোর থেকেই চঞ্চল হয়ে উঠত গ্রামটি। কিন্তু নদী, খাল-বিলে মাছ কমে যাওয়ায় এখন আর সেভাবে দারকির কদর নেই। এখন শুধু বর্ষা মৌসুমে চলে দারকি বানানোর কাজ। বাকি সময় গ্রামবাসীকে সড়কের মাটি কেটে বা অন্য কোনো দিনমজুরির কাজ করে জীবন কাটাতে হয়। গ্রামের বেশির ভাগ মানুষই দিন আনে দিন খায়। শিক্ষিতের হার মাত্র ২০ ভাগ। রোগ-ব্যাধি, অভাব-অনটন এখানকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। অধিকাংশই ভূমিহীন। গ্রাম থেকে এক কিলোমিটার দূরে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। বেশির ভাগ শিশুর শিক্ষা প্রাথমিক বিদ্যালয়েই শেষ হয়। গ্রামের স্বপ্না বেওয়া (৪৫) জানান, ছোট ছোট দুই ছেলে, এক মেয়ে রেখে তাঁর স্বামী মারা যান। জমিজমাও তেমন ছিল না। শুরু করেন দারকি বানানোর কাজ। চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত দারকি তৈরি করেন তিনি। বাকি সময়গুলো দিনমজুরি করেন।ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজার রহমান জানান, এ গ্রামের মূল সমস্যা হলো অশিক্ষা। অভাব এতটাই বেশি যে, শিক্ষার দিকে মানুষের নজর নেই। এলাকার চেয়ারম্যান (সৈয়দপুর ইউনিয়ন) মোরতেজার রহমান জানান, এ গ্রামের বেশির ভাগ মানুষই দারকিসহ মাছ ধরার বিভিন্ন ফাঁদ তৈরির কাজে পারদর্শী, কিন্তু এতে সারা বছর সংসার চলে না। গ্রামবাসীকে শিক্ষিত করার উদ্যোগ নেওয়া গেলে ভালো হতো।