দারখোড় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত
১৪ ফেব্রুয়ারি। বেলা সাড়ে ১২টা। বিদ্যালয়ে বারান্দায় টেবিল নিয়ে চেয়ারে বসে একজন অফিশিয়াল কাগজপত্র ঠিকঠাক করছেন। মাঠে ২৫-৩০ জন ছোট ছেলেমেয়ে দৌড়ঝাঁপ আর খেলাধুলা করছে। একটা বাঁকা বাঁশে জাতীয় পতাকা উড়ছে। বাঁশটি হেলে পড়েছে। এটি জেলার আটোয়ারী উপজেলার দারখোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।বারান্দায় বসে কাজ করা ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ওই স্কুলের প্রধান শিক্ষক আবদুল গফফার বলে পরিচয় দেন। অন্য শিক্ষকেরা কোথায়, জানতে চাইলে তিনি জানান, বিদ্যালয়টিতে মাত্র তিনজন শিক্ষকের পদ আছে। একজন সহকারী শিক্ষক গত জুলাইয়ে এক বছরের প্রশিক্ষণে পিটিআইতে গেছেন। অন্য একজন সহকারী শিক্ষক মির্জা হাসান স্কুলে আসেননি। তিনি ছুটিও নেননি। বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। বেলা ১২টায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠদান শেষ করে সমাবেশের পর ছুটি। সাড়ে ১২টায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পাঠদান শুরু হওয়া কথা। কিন্তু প্রধান শিক্ষক সমাবেশও করেননি এবং ছুটিও দেননি। এভাবেই চলছে বিদ্যালয়টি।১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির পুরোনো ভবনটি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। তিন কক্ষের টিনশেড ঘরটিও ১৯৮৮-৮৯ সালে নির্মাণ করা হয়। এই ঘরের টিনও ফুটো হয়ে গেছে। বর্ষায় শ্রেণীকক্ষের ভেতর বৃষ্টির পানি পড়ে জানালেন প্রধান শিক্ষক। বিদ্যালয়টিতে টয়লেট থাকলেও ব্যবহারের অনুপযোগী। নলকূপ নষ্ট।বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, নিয়মিত প্রাত্যহিক সমাবেশ হয় না। প্রধান শিক্ষক বলেন, ‘প্রাত্যহিক সমাবেশ নিয়মিত হয়। তবে আজ হয়নি। শিক্ষক-সংকটের কারণে এলোমেলো হয়ে যাচ্ছে। যত দূর পারছি চালিয়ে নিচ্ছি।’বিদ্যালয়য়ের রেকর্ডপত্রে দেখা গেল, ৯৬ জন শিক্ষার্থী থাকলেও ১৪ ফেব্রুয়ারি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ২৮ জন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়। শিক্ষক-সংকটের কারণে শিক্ষার্থী কমে গেছে বিদ্যালয়টিতে। পড়াশোনার মানও তেমন ভালো নয়। গত বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় মাত্র ১১ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করে মাত্র ছয়জন।পঞ্চম শ্রেণীর মো. হাসান ও চতুর্থ শ্রেণীর মাফিয়া জানায়, তাদের ক্লাস ভালো করে হয় না। কোনো কোনো দিন মাত্র একজন শিক্ষক আসেন। তারা পড়ালেখায় পিছিয়ে আছে। একই কথা জানায় অন্য শিক্ষার্থীরা।প্রধান শিক্ষক আবদুল গফ্ফার টয়লেট থাকলেও ব্যবহার করা যায় না। টিউবওয়েল নষ্ট। টয়লেট সংস্কার ও টিউবওয়েল ঠিক করার অর্থ বিদ্যালয়ের তহবিলে নেই। ঠিক করতে অনেক টাকার প্রয়োজন। দুজন শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনা করতে হয়। অনেক সময় অফিশিয়াল কাজে উপজেলা অফিসে যেতে হয়। ওই দিন একজন শিক্ষক দিয়ে চলে বিদ্যালয়টি।