দারাদকে অব্যাহতি দিল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের নামে প্রতারণার ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে দারাদ আহমেদকে অব্যাহতি দিয়েছে দলটি। দারাদকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কারেরও সুপারিশ করা হয়েছে।আজ শনিবার বড়লেখা উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বড়লেখা উপজেলা বিএনপির সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত বড়লেখা পৌরসভা মিলনায়তনে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির বৈঠক চলে। বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাফিজ। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সভায় কার্যনির্বাহী কমিটির ১০১ জন সদস্যের মধ্যে ৮৭ জন উপস্থিত ছিলেন।সভা সূত্রে জানা গেছে, সভায় বিএনপির আন্দোলন কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং প্রথম আলোসহ কয়েকটি দৈনিকে প্রকাশিত প্রতারণার সংবাদের পরিপ্রেক্ষিতে দারাদ আহমেদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা সূত্রে আরও জানা গেছে, দারাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা কমিটির সদস্য এবাদুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি মঈনুদ্দিন, সহসভাপতি মুজিবর রেজা চৌধুরীসহ ২৮ জন বক্তব্য দেন। তাঁরা সবাই দারাদকে দল থেকে বহিষ্কারের প্রস্তাব করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে দারাদকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।বৈঠকের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাফিজ প্রথম অলোকে বলেন, সভায় গঠনতন্ত্র অনুযায়ী দারাদকে দল থেকে বহিষ্কারের জন্যও কেন্দ্রে একটি প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়। আর দারাদের পরিবর্তে উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।