দারাদের আরও প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির নামেও টাকা আত্মসাৎ করেছিলেন দারাদ আহমেদ। প্রতারণার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় বাংলাদেশি ছাত্ররা তাঁকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিলেন। বিশ্বভারতীর শিক্ষক ও বাংলাদেশি ছাত্ররা গতকাল বুধবার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।দারাদের প্রতারণার শিকার অনুপম কুমার পাল। বাড়ি মৌলভীবাজার সদরে। ১৯৯৬ সালে দারাদ তাঁকে বিশ্বভারতীতে ভর্তি করার কথা বলে এক লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। পরে ছাত্ররা তাঁকে বিশ্বভারতী থেকে বের করে দেন। অনুপম গতকাল প্রথম আলো কার্যালয়ে এসে এ কথা জানান।অনুপম বলেন, ‘আমি ছোটবেলা থেকেই গান গাইতাম। সেই সূত্র ধরে এলাকার স্কুলশিক্ষক দানিয়েল স্যার আমাকে বলেন, দারাদ নামে একজন বিশ্বভারতীতে পড়েন। তিনি আমাকে ভর্তি করাতে পারবেন। এরপর দারাদ আমাকে বিশ্বভারতীতে ভর্তি করানোর দায়িত্ব নেন। ভর্তি খরচ, বইপত্র কেনা বাবদ ১৯৯৬ সালে আমার পরিবার দারাদকে এক লাখ টাকা দেয়। এরপর দারাদ আমাকে কলকাতায় নিয়ে যান এবং বিশ্বভারতী ক্যাম্পাস থেকে দূরে মকরমপুর এলাকার একটি ভাড়া বাসায় রাখেন।’ দানিয়েল হলেন মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চবিদ্যালয়ের শারীরিক শিক্ষক ও মৌলভীবাজারের ক্রীড়াব্যক্তিত্ব।অনুপম বলেন, দারাদ তাঁকে কয়েক শ টাকা দিয়ে ওই বাড়িতে রেখে দার্জিলিং বেড়াতে যান। বলেন, দুই দিনের মধ্যে ফিরে আসবেন। কিন্তু ১০ দিন হয়ে গেলেও ফিরে আসেননি। তখন তিনি এক আত্মীয়ের সূত্র ধরে বিশ্বভারতীর ছাত্র অমিতাভের সঙ্গে দেখা করেন। সব কথা শুনে অমিতাভ ও সেখানকার ছাত্ররা তাঁকে জানান, দারাদ মাস্টার্সের ছাত্র নন। তিনি এখানে ফরেন ক্যাজুয়েল কোর্সে পড়েন। যে কেউ এখানে ভর্তি হতে পারেন।অনুপম বলেন, ‘দারাদ যে একেক সময় একেক কথা বলতেন, তা নিয়ে তাঁদের সন্দেহ হলো। একপর্যায়ে সুকৌশলে দারাদের স্যুটকেস খুলে আমরা তাঁর তিনটি পাসপোর্ট দেখতে পাই। এরপর বাংলাদেশি ছাত্ররা দারাদের প্রতারণা নিয়ে বিচারে বসার সিদ্ধান্ত নেন। বিচারের দিন আজিজুর রহমান, সুবীর চক্রবর্তী, অমিতাভ রায়, সৌমেন দাশসহ বাংলাদেশের অনেক ছাত্র ছিলেন। জিজ্ঞাসাবাদে দারাদ সব ঘটনা স্বীকার করেন এবং বলেন, তাঁর ভুল হয়েছে। তিনি ওই এক লাখ টাকা ফিরিয়ে দিতে চান। এ ছাড়া দারাদকে বিশ্বভারতীতে আর কোনো দিন না আসার পরামর্শ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও তাঁর প্রতারণার বিষয়টি জানানো হয়। এরপর তিনটির মধ্যে একটি পাসপোর্ট তাঁকে ফেরত দেওয়া হয়। তাঁর কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের জাল সনদও পাওয়া হয়।শিক্ষক দানিয়েল গতকাল প্রথম আলোকে বলেন, ‘অনুপম আমার ছাত্র ছিল। আমি সরল বিশ্বাসে দারাদের সঙ্গে অনুপমের পরিচয় করিয়ে দিয়েছিলাম। কিন্তু পরে জানতে পারি, অনুপমের এক লাখ টাকা মেরে দিয়েছে দারাদ। অনুপম এ নিয়ে অনেক কান্নাকাটিও করেছে। কিন্তু টাকা ফেরত পায়নি।’’৯৫ সালে বিশ্বভারতীতে নাট্যকলায় পড়তে বৃত্তি নিয়ে গিয়েছিলেন চট্টগ্রামের পঙ্কজ দাসগুপ্ত। তিনি বিশ্বভারতীর কেন্দ্রীয় ছাত্রসংসদের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘অনুপমের কাছ থেকে এক লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছিলেন দারাদ। এ ঘটনা নিয়ে তখন আমরা সব বাংলাদেশি ছাত্র বসি। আমরা দারাদের জাল সনদ ও একাধিক পাসপোর্ট পাই। তখন সিদ্ধান্ত হয়, দারাদকে বিশ্বভারতী থেকে বের করে দেওয়া হবে এবং দেশে গিয়ে দারাদ টাকা ফেরত দেবেন।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বভারতী কেন্দ্রীয় ছাত্রসংসদের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। কিন্তু দারাদ বাংলাদেশে বলে বেড়াতেন, তিনি নির্বাচিত হয়েছেন।’তখন বিশ্বভারতীতে ছিলেন বাংলাদেশি ছাত্র সুবীর চক্রবর্তী। বর্তমানে তিনি সরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনিও অনুপমের ঘটনা বর্ণনা দিয়ে বলেন, ‘বাংলাদেশি ছাত্ররা তাঁর পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন। আমি তখন দারাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলাম।’বিশ্বভারতীতে ভর্তির নামে দারাদের প্রতারণার শিকার হন মৌলভীবাজারের পল্লব তালুকদার। এখন তিনি ইতালিতে আছেন। টেলিফোনে পল্লব গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাকে ইংরেজিতে ভর্তি করানোর কথা বলে দারাদ কলকাতায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু ইংরেজিতে ভর্তি হওয়ার মতো নম্বর আমার ছিল না। তখন দারাদ আমাকে জাল সনদ বানাতে বলেন। এর আগে ঢাকায় দারাদ তাঁর নিজের জন্য একটি জাল সনদ আরেকজনের কাছ থেকে আমাকে দিয়ে আনিয়েছেন। আমি জাল সনদ বানাতে রাজি হইনি। পরে আমি দেশে এসে সিলেটের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি।’ পল্লব বলেন, ‘দারাদ আমাকে ভর্তির কথা বলে কখনো ২০ হাজার, কখনো ২৫ হাজার—এভাবে টাকা নিয়েছেন।’খুলনার একটি মেয়েকে ভর্তি করানোর কথা বলেও দারাদ একইভাবে টাকা আত্মসাৎ করেছিলেন। দারাদের কয়েকজন সহপাঠীর কাছ থেকে জানা গেছে, বিশ্বভারতীতে দারাদ নিজেকে ব্লাড ক্যানসারের রোগী বলে পরিচয় দিতেন। বলতেন, আমেরিকার ফিলাডেলফিয়ায় তাঁর মা থাকেন। সেখানে তাঁদের বাড়িঘর আছে। একটি হাসপাতালও আছে তাঁদের।বিশ্বভারতীর রবীন্দ্রসংগীতের অধ্যাপক বুলবুল সেনগুপ্তা গতকাল ফোনে প্রথম আলোকে বলেন, ‘দারাদ সব সময় বলত, তার নানান জটিল অসুখ। সমবেদনা ও সহানুভূতি নেওয়ার চেষ্টা করত। আমরা তো আর এত কিছু জানতাম না।’বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের সাবেক জাপান প্রতিনিধি এবং ২৬ বছর জাপানে ছিলেন এমন একজন ব্যবসায়ী গতকাল ফোনে প্রথম আলোকে বলেন, ‘দারাদ আগাগোড়া একজন প্রতারক ও অবৈধ ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। কিন্তু তাই বলে অধ্যাপক আজুমার সঙ্গে তিনি এই কাজ করবেন, আমরা কখনো আশা করিনি। কারণ আজুমা বাংলাদেশের খুব কাছের মানুষ।’জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, দারাদ এখন আর এলাকায় নেই। তাঁর মোবাইল বন্ধ। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দারাদ ভারতে পালিয়ে যেতে পারেন বলে তাঁরা ধারণা করছেন।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, ভারতে পালানোর বিষয়ে এখনো তাঁরা নিশ্চিত নন। দারাদের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চলছে।