দারাদের বাড়িতে পুলিশের অভিযান, মাকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারাদ আহমেদের প্রতারণার খবর প্রকাশিত হওয়ার পর গতকাল পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে। পুলিশ তাঁকে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে।এদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাঠক গতকাল মঙ্গলবার প্রথম আলো পাননি। দারাদ আহমেদের লোকজন স্থানীয় হকারের কাছ থেকে প্রতারণা করে সব পত্রিকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পত্রিকার এজেন্ট গোপাল দেব।গতকাল প্রথম আলোয় বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দারাদ আহমেদের প্রতারণার খবর ছাপা হয়। দুটি খবরের শিরোনাম ছিল ‘জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের নামে প্রতারণা। ছয় কোটি টাকা আত্মসাৎ’ এবং ‘সাংস্কৃতিক কেন্দ্র নয়, এটি মসজিদ; রবীন্দ্রপ্রেমী সেজে দারাদের প্রতারণা।’দারাদের বাড়ি বড়লেখার তালিমপুর ইউনিয়নের বাহারপুর গ্রামে। জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার কথা বলে তিনি এক জাপানি অধ্যাপক দম্পতির কাছ থেকে ছয় কোটি টাকা হাতিয়েছেন। বাড়ির সামনের বাহারপুর জামে মসজিদের ছবি তুলে পাঠিয়ে তিনি জাপানি অধ্যাপক কাযুও আজুমাকে জানিয়েছেন, এগুলো সাংস্কৃতিক কেন্দ্রের ছবি। দারাদ নিজেকে রবীন্দ্র বিশেষজ্ঞ বলে পরিচয় দিতেন।এলাকাবাসী জানিয়েছেন, দারাদ স্কুলের গণ্ডি পেরুতে না পারলেও নিজেকে বিশ্বভারতী থেকে স্নাতকোত্তর এবং সেখানকার ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক দাবি করতেন। নিজেকে জাপান বিএনপির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক ও সাংস্কৃতিক সম্পাদক পরিচয় দিতেন।এদিকে দারাদ আহমেদের বিরুদ্ধে জাপানের পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এতে সাংস্কৃতিক কেন্দ্র তৈরির নামে অধ্যাপক কাযুও আজুমার কাছ থেকে সাড়ে ছয় কোটি টাকা এনে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া জাপানের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঘটনাটি জানানো হয়েছে। দারাদ আহমেদের প্রতারণার খবরে জাপানপ্রবাসী বাংলাদেশিরা ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছেন। তাঁরা দ্রুত দারাদকে গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতারণা করে পত্রিকা ছিনতাই: মৌলভীবাজার থেকে গতকাল প্রথম আলো ছিনতাই করেছে দারাদ ও তাঁর লোকজন। মৌলভীবাজারের বিভিন্ন এজেন্টের কাছে পত্রিকা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা শুকুর মিয়া প্রথম আলোকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মৌলভীবাজার শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারের কাছে দারাদ একটি পাজেরো জিপে কয়েকজন লোক নিয়ে আসেন। তাঁদের সঙ্গে বড়লেখার পত্রিকার এজেন্ট গোপাল দেবের হকার কয়েসও ছিলেন। তাঁরা জানান, মৌলভীবাজারের হাসপাতালে রোগী নিয়ে এসেছিলেন। এখন ফিরে যাচ্ছেন। তাঁদের কাছে বড়লেখা ও জুড়ির পত্রিকা দিয়ে দিলে তাঁরা সেগুলো দ্রুত পৌঁছে দিতে পারবেন।শুকুর মিয়া জানান, ‘হকার কায়েস মোবাইল ফোনে আমাকে গোপাল দেবের সঙ্গেও কথা বলিয়ে দেয়। এরপর আমি চার বান্ডিলে থাকা প্রথম আলোসহ অন্য পত্রিকাগুলো তাঁদের কাছে দিয়ে দেই। কিন্তু নির্ধারিত সময়ে এজেন্ট পত্রিকা না পেয়ে খোঁজ করে। এরপর সারা দিন এলাকায় প্রথম আলো না পৌঁছানোয় আমরা বুঝতে পারি আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’ বড়লেখার পত্রিকার হকার কয়েস প্রথম আলোকে বলেন, ‘দারাদ ভাই আমাকে বলেন, আজ সব পত্রিকা তিনি পাজেরোতে করে নিয়ে আসবেন। আমাকে তিনি অনেক টাকারও লোভ দেখান। তিনি আমাকে বলেন, শুকরের কাছে গিয়ে পত্রিকা চাইতে হবে এবং গোপাল দেবের সঙ্গে কথা বলতে হবে। আমি টাকার লোভে তাঁর সঙ্গে মৌলভীবাজারে যাই। এরপর তাঁর শেখানো কৌশল অনুযায়ী সব পত্রিকা নেই। তিনি তখন প্রথম আলো বাদে অন্য সব পত্রিকা একটি অটোরিকশায় তুলে দেন এবং বলেন, তিনি পাজেরো নিয়ে বড়লেখা যাবেন। কিন্তু তিনি আর আসেননি।’গোপাল দেব প্রথম আলোকে বলেন, ‘প্রতারণা করে আমার নাম ভাঙিয়ে দারাদের লোকজন প্রথম আলোর বান্ডিল নিয়ে গেছে। কয়েস বিষয়টি বুঝতে পারেনি। আমি বড়লেখা থানায় জিডি করেছি।’ বড়লেখা তারুণ্য নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা পত্রিকা পাইনি। সিলেট থেকে একজন একটি প্রথম আলো নিয়ে এসেছিলেন। এলাকায় বিদ্যুৎ ছিল না। পরে আমরা জেনারেটরের সাহায্যে ওই পত্রিকা ফটোকপি করেছি।’দারাদের বাড়িতে অভিযান: এর আগে বেলা ১১টার দিকে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধরের নেতৃত্বে একদল পুলিশ বড়লেখায় দারাদের বাড়িতে অভিযান চালায়। দারাদ বাড়িতে ছিলেন না। পুলিশ বাড়িতে তাঁর মা তাছলিমা খানম ও ভাই মুরাদ আহমেদকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ এলাকার লোকজনের সঙ্গেও কথা বলে।ওসি অমল কুমার ধর প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁরা অভিযান চালিয়েছেন। দারাদকে না পেয়ে তাঁর মাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।দারাদ নিজের মাকে কাজুমা দম্পতির কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্জন বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বিভিন্ন সময় তাছলিমা খানমও জাপানি দম্পতির কাছে চিঠি পাঠিয়ে টাকা দাবি করেছেন। তবে ওসি জানিয়েছেন, ‘দারাদের মা আমাদের বলেছেন, জাপানে চিঠি পাঠানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। আমরা দারাদের ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। এ ছাড়া বাহারপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বশিরউদ্দিনের সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন, এলাকার সবাই মিলে এই মসজিদ করেছেন। এটি কখনোই সাংস্কৃতিক কেন্দ্র ছিল না।’দারাদের সব কটি মুঠোফোন এখন বন্ধ। পুলিশ জানিয়েছে, দারাদ গা ঢাকা দিয়েছেন।জানতে চাইলে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মালেক প্রথম আলোকে বলেন, ‘আমি বিশ্বাস করি না, দারাদ এ ধরনের কাজ করেছে। আর এমন ঘটনা ঘটলে ওই জাপানি ভদ্রলোক মামলা করলেন না কেন।’ দারাদের প্রতারণার সব প্রমাণপত্র আছে, তাহলে অবিশ্বাস করছেন কেন—জানতে চাইলে তিনি বলেন, মামলা হোক। অপরাধ প্রমাণিত হোক। তার আগে কাউকে অপরাধী বলা যায় না। তিনি তো সাংস্কৃতিক কেন্দ্রের নামে মসজিদের ছবি জাপানে পাঠিয়েছেন, এ প্রসঙ্গে মালেক বলেন, ‘এই ছবি আপনারা তুলেছেন।’টোকিও (জাপান) প্রতিনিধি জানান, যেসব জাপানি নাগরিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হবে মনে করে সরল বিশ্বাসে অর্থ দিয়েছিলেন, তাঁদেরই কয়েকজন এখন অধ্যাপক আজুমার স্ত্রী কেইকো আজুমার মাধ্যমে টোকিও মেট্রোপলিটন পুলিশের কাছে প্রাথমিক অভিযোগ করেছেন।প্রতারিত জাপানিরা জানিয়েছেন, তাঁরা পুলিশকে জাপানে দারাদের সব ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করার অনুরোধ জানাবেন। এ ছাড়া ঘটনার বিচার চেয়ে কেইকো আজুমার লেখা আবেদনের একটি কপি টোকিওর বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছে। একই আবেদনের দ্বিতীয় একটি কপি ২৭ জুন দূতাবাসে দেওয়া হয়। সেটিও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। জাপানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক জিয়াউল ইসলাম বলেন, ‘দারাদ যে প্রতারণা করেছেন, তা ন্যক্কারজনক। অধ্যাপক আজুমা ও অন্য যেসব জাপানি নাগরিক প্রতারিত হয়েছেন, তাঁদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমরা ওই প্রতারকের বিচার চাই।’ জাপানপ্রবাসী ব্যবসায়ী ও সর্বজনীন পূজা কমিটির আহ্বায়ক সুখেন ব্রহ্ম বলেছেন, ‘প্রতারণার এই ঘটনা প্রবাসী বাংলাদেশি সমাজকে লজ্জায় ফেলে দিয়েছে। সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছি।’জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মুজিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘প্রতারণার ঘটনায় আমরা মর্মাহত। প্রতারণার শিকার অধ্যাপক আজুমা বাংলাদেশের একজন সুহূদ। অসুস্থ হওয়ার পর আমি দুবার হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছি।’জাপান বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রথম আলোকে জানান, ‘দারাদ বাংলাদেশে নিজেকে জাপান বিএনপির সভাপতি বলে দাবি করলেও আসলে তিনি এখানে বিএনপির কোনো পদে কখনো ছিলেন না।’