দারাদের বিরুদ্ধে জাপানের পুলিশের কাছে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করার নামে জাপানি নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ এনে তা পুরোপুরি আত্মসাত্ করার অভিযোগে অভিযুক্ত দারাদ আহমেদকে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছেন ভুক্তভোগীরা। তাঁরা জাপানের পুলিশকে বিষয়টি জানিয়েছেন। আজ মঙ্গলবার জাপানের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘটনাটি জানানো হয়েছে।জাপানপ্রবাসী বাংলাদেশিরা এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।প্রবাসীরা জানিয়েছেন, যেসব জাপানি নাগরিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হবে মনে করে সরল বিশ্বাসে অর্থ দিয়েছিলেন, তাঁদেরই কয়েকজন এখন অধ্যাপক আজুমার স্ত্রী কেইকো আজুমার মাধ্যমে টোকিও মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। আগামী সপ্তাহে পুলিশ অভিযোগ দায়েরের বিষয়টি চূড়ান্ত করবে।জাপানের প্রতারিত ব্যক্তিরা জানান, তাঁরা জাপানে দারাদের সব রকম ব্যাংক-হিসাব সাময়িকভাবে জব্দ করার অনুরোধ জানাবেন। এ ছাড়া ঘটনার বিচার চেয়ে কেইকো আজুমার লেখা আবেদনের একটি কপি টোকিওর বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছে। একই আবেদনের দ্বিতীয় একটি কপি গতকাল সোমবার দূতাবাসে দেওয়া হয়। সেটিও আজ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুজিবুর রহমান ভূঁইয়া আজ প্রথম আলোকে বলেন ‘প্রতারণার এই ঘটনায় আমরা মর্মাহত। কারণ যিনি প্রতারণার শিকার, সেই অধ্যাপক আজুমা বাংলাদেশের একজন সুহূদ। বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি তাঁর রয়েছে অকৃত্রিম ভালোবাসা।’জাপানের প্রবাসী বাংলাদেশিরা বলেন, দারাদ টোকিওতে নিজেকে পিএইচডি ডিগ্রিধারী হিসেবে প্রচার করতেন। অধ্যাপক আজুমার সঙ্গে যোগাযোগ হওয়ার পর সংস্কৃতির সেবক হিসেবে তিনি নিজেকে উপস্থাপন করতেন এবং বাংলাদেশে জাপান সাংস্কৃতিক কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবে নিজের পরিচয় দিতেন।