দারিদ্র্য ও ক্ষুধা মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় বৈশ্বিক কর্মপন্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দারিদ্র্য ও ক্ষুধা কোনো একক দেশের সমস্যা নয়, বরং এর প্রভাব বিশ্বের সর্বত্র। এ জন্য এসব বিষয়ে বৈশ্বিক এবং জাতীয় পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নে বিশ্বের সম্পদের ব্যবহার, অভিজ্ঞতা-বিনিময়, গবেষণা ও প্রযুক্তি প্রয়োগের ব্যাপারে গোটা বিশ্বকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।আজ রোববার লন্ডনে বিশ্ব পুষ্টি সম্মেলনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি ক্ষুধা এবং অপুষ্টির ঘাটতি মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক ও বৈশ্বিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। খবর বাসসের।সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের কো-চেয়ারম্যান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট মাইকেল টিমারও অনুষ্ঠানে বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এসব উদ্যোগের মধ্যে খাদ্যশস্যের আঞ্চলিক মজুদ, খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ না করা বা কোনো কারণে নিষেধাজ্ঞা থাকলে সে ক্ষেত্রে অগ্রাধিকারমূলক সুযোগের নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকতে হবে।’শেখ হাসিনা বলেন, বহুবিধ বৈশ্বিক সমস্যা ও সংস্কারে ধীরগতির কারণে বৈশ্বিক অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনার প্রতি সতর্ক দৃষ্টি দেওয়া জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া পণ্যের অস্বাভাবিক লেনদেন ও পণ্য বাণিজ্যিকীকরণ কার্যকরভাবে মোকাবিলায় বৈশ্বিক ঐকমত্যের প্রয়োজন রয়েছে। একইভাবে বৈদেশিক ব্যাংকিং, মুদ্রা ও আর্থিক লেনদেনেরও ব্যাপক প্রভাব রয়েছে। এ ক্ষেত্রে অর্থনীতি বিস্তৃতির বিরূপ প্রভাব বর্তমানে আর্থিক খাতে সরকারের সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক বিধিবিধানের মধ্যে যথাযথ ভারসাম্যের দাবি উচ্চকিত করেছে।প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের নীতি বৈদেশিক মুদ্রা ও রপ্তানির সক্ষমতার ওপর প্রভাব বিস্তার করে, যা অভ্যন্তরীণ নীতি ও পরিকল্পনার কার্যকারিতার ওপর প্রভাব ফেলে। সাধারণভাবে তা মানব উন্নয়ন এবং নির্দিষ্টভাবে ক্ষুধা ও পুষ্টি ঘাটতির সমস্যাকে প্রভাবিত করে।প্রধানমন্ত্রী বলেন, ২০০৮-০৯ সালে খাদ্য ঘাটতির কারণে মূল্য বৃদ্ধি পেয়েছিল এবং রপ্তানির ওপর খাদ্য রপ্তানিকারক দেশগুলোর নিষেধাজ্ঞার প্রভাব ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল। এতে কৃষক ও ভোক্তা উভয়কে ভোগান্তি পোহাতে হয়েছিল। তিনি বলেন, ক্ষুধা ও অপুষ্টি নিরসনে অগ্রগতি অর্জন করতে হলে এসব বিষয়ে আমাদের দৃষ্টি দিতে হবে। একইভাবে আবহাওয়া পরিবর্তনের প্রভাবেও উন্নয়ন প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রসঙ্গ উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, লবণাক্ত পানির অনুপ্রবেশ ও সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে সমতলভূমি নিমজ্জিত হওয়া এবং ঘূর্ণিঝড়ের মতো দ্রুত লন্ডভন্ডকারী দুর্যোগ ইতিমধ্যে মানুষের জীবন-জীবিকা ও সম্পদের ব্যাপক ক্ষতিসাধন করেছে। ইউএন স্ট্যান্ডিং কমিটি অন নিউট্রিশনের (এসসিএন) উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপুষ্টি রোগবালাইয়ের সবচেয়ে বড় কারণ এবং এই অপুষ্টির কারণে শিশুদের মানসিক ও দৈহিক বিকাশ মারাত্মক ব্যাহত হচ্ছে।