বিদ্যমান অর্থনৈতিক কাঠামো আর প্রতিষ্ঠানের অব্যবস্থাপনায় মানুষ ভুগছে। দারিদ্র্য দূর হচ্ছে না। তাই দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্যে নতুন ব্যবস্থার জন্য সোচ্চার হতে হবে। এ ক্ষেত্রে বিকল্প হতে পারে সামাজিক ব্যবসা।নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার সামাজিক ব্যবসার অনিবার্যতা সম্পর্কে এ যুক্তি দেন। তিনি এদিন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তৃতীয় সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করছিলেন।ইউনূস সেন্টারের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত এ সমাবেশে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ ১৯টি দেশের প্রায় ৯০০ প্রতিনিধি এ অনুষ্ঠানে যোগ দেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোচারী রোনাল্ড জে গারান একটি অধিবেশনে বক্তব্য দেন।তৃতীয় সামাজিক ব্যবসা দিবসের আটটি কর্ম অধিবেশনে প্রযুক্তি, পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও পুষ্টির পাশাপাশি সামাজিক ব্যবসার আইনি প্রক্রিয়া ও অর্থায়ন এবং তরুণ সমাজ ও শারীরিক প্রতিবন্ধীদের সামাজিক ব্যবসায় যুক্ত করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সামাজিক ব্যবসায় যুক্ত প্রতিষ্ঠানগুলোর ৪০টি স্টল নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া হাইতিতে সামাজিক ব্যবসা চালুর উদ্দেশ্যে সই হয় একটি সমঝোতা স্মারক। অনুষ্ঠানে সামাজিক ব্যবসার প্রকল্প উপস্থাপনের জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। উদ্বোধনী অধিবেশন: গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী প্রতিষ্ঠান গণপাঠশালার শিক্ষার্থীদের নৃত্যনাট্য ‘নতুন পথের দিশা’র মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী সামাজিক ব্যবসার উদ্বোধনী অধিবেশন।উদ্বোধনী অধিবেশনের সূচনা বক্তৃতায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস সামাজিক বৈষম্য ও দারিদ্র্য দূরীকরণের প্রসঙ্গ তুলে বলেন, টাকাই এখন মূল চালিকাশক্তি। কিন্তু মানুষের জীবন কেন টাকা দিয়ে নিয়ন্ত্রিত হবে। দারিদ্র্য তো গরিব মানুষ সৃষ্টি করেনি। গরিবিআনা তৈরি হয়েছে বিদ্যমান আর্থিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোর দুর্বলতায়। এটা লোকানোর সুযোগ নেই। কিন্তু এ ব্যবস্থা মেনে নেওয়া যায় না।অধ্যাপক ইউনূস বলেন, ‘আজকের পৃথিবীতে কেউ বিচ্ছিন্ন নয়। যুক্তরাষ্ট্রে কী হচ্ছে, আগামীতে তা ঘটবে আমাদের দেশে। তার পরও অধিক মুনাফার দৃষ্টিকোণ থেকে আমরা সমস্যা সমাধানের পথ খুঁজছি। আমরা নিজেদের এটা বোঝাতে চাইছি যে অধিক মুনাফার দৃষ্টিভঙ্গি আমাদের ঈশ্বরপ্রদত্ত চোখ দিয়ে বাস্তবতাকে আরও স্বচ্ছতার সঙ্গে দেখতে পাব। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে এ দৃষ্টিভঙ্গি সামাজিক সমস্যা দূর করার সম্ভাবনা দেখার দৃষ্টিকে সরিয়ে দিচ্ছে।’ড. ইউনূস বলেন, ‘প্রত্যেক মানুষের অপরিসীম ক্ষমতা রয়েছে। ব্যক্তি নিজেই সবকিছু বদলে দিতে পারে। তাই আমরা যদি সামাজিক ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে দেখব অপরিসীম সম্ভাবনার এক নতুন পৃথিবী।’ তাঁর মতে, সামাজিক ব্যবসা ধর্ম নয়। এটি একটি ধারণা। কিন্তু এ দর্শনের লক্ষ্য শুধু মুনাফা নয়। আর এটি ব্যক্তির মুনাফার জন্য নয়; বরং এটি বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পয়োনিষ্কাশনসহ বিভিন্ন সামাজিক সমস্যা দূর করার পথ বাতলে দেবে। কাজেই যেকোনো ব্যবসার উদ্যোগ সম্পূরকভাবে এ সামাজিক ব্যবসা শুরু করতে পারে। এ জন্য অন্য ব্যবসা বন্ধ করার দরকার নেই। কাজেই বিদ্যমান আর্থিক কাঠামো পুরোপুরি ঢেলে সাজানোর সময় এসেছে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেন, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে কোথাও শিশুরা না খেয়ে ঘুমাতে যায়, আবার কোথাও বিপুলসংখ্যক মানুষ খাবার নষ্ট করছে। কোথাও একজন মানুষ দুই ডলার দিয়ে দিন যাপন করছে, আবার কোথাও একটি গরুর জন্য ভর্তুকি দেওয়া হচ্ছে দুই ডলার। এমন অবস্থা আমাকে পীড়া দেয়।’ সামাজিক ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা বলতে গিয়ে রোকেয়া আফজাল বলেন, ‘গত বছর আমি সামাজিক ব্যবসা সম্মেলনে যোগ দিই। ওই সমাবেশে যোগ দিয়ে আমি মুগ্ধ হয়েছি। এর পর থেকেই সামাজিক ব্যবসার আওতায় আমি প্রকল্প খুঁজছি। শেষ পর্যন্ত প্রকল্প খুঁজে পেয়েছি। এ প্রকল্পের লক্ষ্য সরাসরি গ্রামের মানুষের কাছে পৌঁছানো, যেখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না।’ জাপানের রাষ্ট্রদূত শিরো সাদাশিমা বক্তৃতার শুরুতে ড. ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এদিনটি ছিল নোবেল বিজয়ী অর্থনীতিবিদের ৭২তম জন্মবার্ষিকী।উদ্বোধনী অধিবেশনে আরও বক্তৃতা করেন রন গারান, জাপানের ফেলিসমো করপোরেশনের প্রেসিডেন্ট কাজুহিকো ইয়াজাকি, গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রো ফাইন্যান্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জ্যঁ লুক পেরোঁ, যুক্তরাষ্ট্রের কাইজার পারমানেন্টের ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিসিয়া লিঞ্চ ও ভিয়োলিয়া ওয়াটার ফ্রান্সের প্রকল্প পরিচালক এরিক লেসুয়েখ। শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা পাঠান আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন ও বিশ্বখ্যাত ফরাসি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ডানোনের প্রধান নির্বাহী ফ্র্যাঙ্ক রিবো। ই-মেইলে চিঠি পাঠান জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।সমাপনী অধিবেশন: সামাজিক ব্যবসার প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দিবসের সমাপনী অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের গ্রামীণ ফাউন্ডেশনের সভাপতি আলেক্স কাউন্টস এ সময় বলেন, ‘গ্রামীণ ব্যাংক স্বাধীনভাবে পরিচালনার অনুরোধ জানিয়ে গত বুধবার ১৭ মার্কিন সিনেটর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন। আমি আশা করি, বাংলাদেশ সরকার মার্কিন সিনেটরদের কথা শুনবেন।’আলেক্স কাউন্টস বলেন, ‘১৪ বছর আগে যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের অনুষ্ঠান করেছিলাম। ইতিমধ্যে সামাজিক ব্যবসা প্রক্রিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের গ্রামীণ ফাউন্ডেশন যুক্ত হয়েছে। ২০০৮ ভারতে সামাজিক ব্যবসার আওতায় বুটিক বিনিয়োগ ব্যাংক চালু হয়। এটি প্রথম বছর থেকেই লাভের মুখ দেখতে শুরু করেছে। দুবাইয়ে ২০১১ সালে আবদুল লতিফ জামিল গ্রুপের সঙ্গে কাজ শুরু হয়েছে।’ যুক্তরাষ্ট্রে বসবাসরত মার্কিন অধ্যাপক মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘আমি তাঁর জন্য দুটি কাজ করেছি। প্রথমত, তাঁর লেখা বইগুলো প্রচারে ভূমিকা রাখছি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের সব শিক্ষার্থীর কাছে সামাজিক ব্যবসা পৌঁছানোর উদ্যোগ নিয়েছি, এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রক্রিয়া চলছে।’জাপানের কিয়ুশু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাহারু ওকাদা বলেন, ‘সামাজিক ব্যবসা দিয়ে পৃথিবীতে পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতে সামাজিক ব্যবসা নিয়ে আরও সফল ও সুন্দর গল্প শুনতে চাই।’ সমাপনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জার্মানির গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক হান্স রিতজ্, ইতালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারিও বিজেরি, জার্মানির ইউনূস সোশ্যাল বিজনেসের প্রধান নির্বাহী সাসকিয়া ব্রুসটিন, জার্মানির ডায়ালগ ইন দি ডার্কের অধ্যাপক আন্দ্রেস হাইনিকে।সাকিব ও এভারেস্ট বিজয়ীদের সংবর্ধনা: সমাপনী অধিবেশনের শুরুতে এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম, মুহিত, নিশাত ও ওয়াসফিয়াকে অভিনন্দন জানানো হয়। এ সময় ড. ইউনূস বলেন, ‘আমরা চাঁদে যেতে না পারি, এভারেস্ট তো জয় করেছি। এঁরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন।’ এরপর সবার হাতে তিনি ফুলের তোড়া তুলে দেন। এরপর অনুষ্ঠানে স্বাগত জানানো হয় বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। অভিনন্দনের জবাবে সাকিব বলেন, ‘আমি একটু নার্ভাস। কারণ, তাঁর (ড. ইউনূস) পাশে দাঁড়িয়ে কিছু বলাটা বড় ব্যাপার।’ তিনি বলেন, ‘আমি শক্তি দইয়ের সঙ্গে আছি। আশা করি, সবাই মিলে দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারব। শুধু তরুণ প্রজন্ম নয়, সবাই মিলে করব। আমরা সবাই ভালোভাবে করব।’ ড. ইউনূসের কন্যা মনিকা ইউনূসের গাওয়া ‘আমি বাংলায় গান গাই’-এর মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী সামাজিক ব্যবসার তৃতীয় দিবসটি।