দারিদ্র্য কমলেও আয় বৈষম্য অপরিবর্তিত
বাংলাদেশে এখন সাড়ে ৩১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। পাঁচ বছর আগে ছিল ৪০ শতাংশ মানুষ। অর্থাৎ গত পাঁচ বছরে দেশে দারিদ্র্য পরিস্থিতির উন্নতি হয়েছে। দারিদ্র্যের হার কমেছে সাড়ে আট শতাংশ।সহজ ভাষায় বললে, ২০০৫ সালে যেখানে দেশের ৪০ শতাংশ মানুষ গরিব ছিল, সেখানে ২০১০ সালে সাড়ে ৩১ শতাংশ মানুষ গরিব।দারিদ্র্য কমলেও অবশ্য বৈষম্য-পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ধনী-গরিবদের মধ্যে আয়বৈষম্য প্রায় আগের পর্যায়েই রয়ে গেছে; বরং গ্রামে আয়বৈষম্য খানিকটা বেড়েছে। তবে আঞ্চলিক বৈষম্য অনেকটাই কমেছে।বাংলাদেশের সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপে (এইচআইইএস-২০১০) এসব তথ্য উঠে এসেছে। গতকাল সকালে এক কর্মশালায় আনুষ্ঠানিকভাবে এ জরিপের প্রাপ্ত ফলাফল তুলে ধরা হয়।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও বিশ্বব্যাংক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।অনুষ্ঠানে জানানো হয়, এই পাঁচ বছরে দারিদ্র্য হ্রাসের পেছনে প্রবাসী-আয় ও সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচিও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। দারিদ্র্য পরিস্থিতি: জরিপ অনুযায়ী, শহরে গরিব লোকের অংশ দাঁঁড়িয়েছে ২১ দশমিক ৩০ শতাংশ, যা পাঁচ বছর আগে ছিল ২৮ দশমিক ৪০ শতাংশ। বিপরীতে গ্রামে দারিদ্র্যের হার ২০০৫ সালের ৪৩ দশমিক ৮০ থেকে কমে হয়েছে ৩৫ দশমিক ২০ শতাংশ।কমেছে আঞ্চলিক বৈষম্য: দেশের ছয়টি বিভাগেরই দারিদ্র্য কমেছে। সবচেয়ে বেশি কমেছে বরিশাল ও রাজশাহীতে। ২০০৫ সালে যেখানে বরিশাল ও রাজশাহীতে দারিদ্র্যের হার ছিল যথাক্রমে ৫২ ও ৫১ দশমিক ২০ শতাংশ, ২০১০ সালে তা কমে হয়েছে যথাক্রমে ৩৯ দশমিক ৪০ ও ৩৫ দশমিক ৭০ শতাংশ।অবশ্য রংপুর বিভাগকে আলাদা করা হলে রাজশাহী বিভাগের দারিদ্র্য ২০১০ সালে হয় ২৯ দশমিক ৭ শতাংশ, আর রংপুর বিভাগের ৪২ দশমিক ৩০ শতাংশ।এই সময়কালে দরিদ্র মানুষের হার খুলনা বিভাগে ৩৫ দশমিক ৮০ থেকে কমে ৩২ দশমিক ১০ শতাংশ, সিলেটে ৩৩ দশমিক ৮০ থেকে কমে ২৮ দশমিক ১০ শতাংশ, চট্টগ্রামে ৩৪ থেকে কমে ২৬ দশমিক ২০ শতাংশ ও ঢাকায় ৩২ থেকে কমে ৩০ দশমিক ৫ শতাংশ হয়েছে।অপরিবর্তিত আয়বৈষম্য: গত পাঁচ বছরে দেশে দারিদ্র্য কমলেও আয়বৈষম্য প্রায় অপরিবর্তিত রয়েছে। মাথাপিছু আয়ের জিনি-সহগ ২০০৫ সালের দশমিক ৪৬৭ থেকে সামান্য কমে হয়েছে দশমিক ৪৫৮। জিনি-সহগ শূন্য থেকে এক—এই পরিসীমার মধ্যে নির্ণীত হয়। সহগটি যত এক থেকে শূন্যের দিকে যায়, তত আয়বৈষম্য কমছে বলে ধরে নেওয়া হয়।আলোচ্য সময়কালে পল্লি এলাকায় আয়বৈষম্য বেড়েছে। জিনি-সহগ দশমিক ৪২৮ থেকে বেড়ে হয়েছে দশমিক ৪৩১। তবে শহরে তা দশমিক ৪৯৭ থেকে কমে হয়েছে ৪৫২। অর্থাৎ শহরে বৈষম্য কিছুটা কমেছে।বিবিএসের প্রতিবেদন থেকে আরও দেখা যায়, ২০০৫ সালে মোট জাতীয় আয়ের প্রায় ২৭ শতাংশ যেত আয়সীমার সর্বোচ্চ পাঁচ শতাংশ পরিবারের কাছে। ২০১০ সালে তা খানিকটা কমে ২৪ দশমিক ৬১ শতাংশ হয়েছে। বিপরীতে আয়সীমার সর্বনিম্ন পাঁচ শতাংশ পরিবার দশমিক ৭৭ শতাংশ পেত, যা ২০১০ সালে হয়েছে দশমিক ৭৮ শতাংশ।আরেকটু এগোলে দেখা যায়, দেশের শীর্ষ এক-দশমাংশ পরিবার ২০০৫ সালে জাতীয় আয়ের ৩৭ দশমিক ৬৪ শতাংশ ভোগ করত। ২০১০ সালে করছে ৩৫ দশমিক ৮৪ শতাংশ। বিপরীতে নিম্নতম এক-দশমাংশ পরিবারের ক্ষেত্রে এ হার দুই শতাংশে অপরিবর্তিত রয়েছে।এতে আরও দেখা যায়, দেশের মোট জনগোষ্ঠীর নিচের দিকে ৫০ শতাংশের জাতীয় আয়ে অংশীদারিত্ব বা ভোগের ক্ষেত্রে পাঁচ বছরে কোনো পরিবর্তন আসেনি। অন্যদিকে ওপরের দিকের ৪০ শতাংশের জাতীয় আয়ে অংশীদারিত্ব পাঁচ বছর আগের চেয়ে বেড়েছে। এগুলো প্রকৃত বৈষম্য অপরিবর্তিত থাকারই ইঙ্গিত করে।বেড়েছে ভোগ: এ সময়কালে প্রধান খাদ্যদ্রব্যের ক্ষেত্রে চাল ছাড়া বাকি সবগুলোর ভোগ বেড়েছে। বিশেষ করে গমের ভোগ ১১৫ দশমিক ৭০, মাছের ১৭ দশমিক ৩০, মাংসের ২২ দশমিক ৪০, ভোজ্যতেলের ২৪ দশমিক ২০ ও ফলের ৩২ দশমিক ২০ শতাংশ বেড়েছে।সার্বিকভাবে খাদ্যশক্তি বা ক্যালরি গ্রহণের পরিমাণও বেড়েছে। ২০০৫ সালে জাতীয় পর্যায়ে দৈনিক খাদ্যশক্তি গ্রহণের পরিমাণ ছিল দুই হাজার ২৩৮ দশমিক ৫০ ক্যালরি, যা ২০১০ সালে বেড়ে হয়েছে দুই হাজার ৩১৮ দশমিক ৩০ ক্যালরি।পাঁচ বছরে মাথাপিছু ভোগব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। জাতীয় পর্যায়ে মাথাপিছু মাসিক ভোগব্যয় ২০০৫ সালে ছিল এক হাজার ২৩১ টাকা, যা ২০১০ সালে হয়েছে দুই হাজার ৪৪৭ টাকা। একইভাবে জাতীয় পর্যায়ে মাথাপিছু মাসিক আয় ২০০৫ সালের এক হাজার ৪৮৬ থেকে বেড়ে ২০১০ সালে ২ হাজার ৫৫৩ টাকায় উঠেছে।স্বাক্ষরতার হার বেড়েছে: জাতীয় পর্যায়ে সাত বছর ও তার বেশি জনগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরতার হার ২০০৫ সালের ৫২ থেকে ২০১০ সালে ৫৮ শতাংশে উন্নীত হয়েছে।বিদ্যুৎ ব্যবহারী পরিবারের অংশও জাতীয় পর্যায়ে ৪৪ দশমিক ২ থেকে বেড়ে হয়েছে ৫৫ দশমিক ৩ শতাংশ। তবে গ্রামের তুলনায় শহরে এই হার অনেক বেশি।আলোচনা: অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, বর্তমান সরকার দারিদ্র্যের পাশাপাশি বৈষম্য কমানোর দিকেও জোর দিচ্ছে। এই জরিপের তথ্য-উপাত্ত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনে সহায়ক হবে। একই সঙ্গে সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নেও সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।কর্মশালার সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দারিদ্র্য হ্রাসের বিষয়টি নির্দিষ্ট কোনো বছরে না দেখে ১৫-২০ বছরের ধারাবাহিকতায় দেখতে হবে। তাহলে প্রকৃত প্রবণতাটি বোঝা যাবে। বাংলাদেশে জাতীয় আয় ও মাথাপিছু আয় যেমন বেড়েছে, তেমনি কমেছে দারিদ্র্য।ড. মাহমুদ বলেন, নতুন জরিপটি একাধিক কারণে গুরুত্বপূর্ণ। প্রথম যে সময়কালে এই বাংলাদেশে দারিদ্র্য কমেছে, সেই সময়কালের মধ্যে বিশ্বে বড় ধরনের খাদ্য-সংকট ও আর্থিক সংকট দেখা দিয়েছে। এর ফলে খাদ্য মূল্যস্ফীতি ও দারিদ্র্য বেড়েছে।তিনি ব্যাখ্যা করে বলেন, প্রবৃদ্ধি ভালো হলে ও মাথাপিছু খাদ্য সরবরাহ ঠিক থাকলে মূল্যস্ফীতি হলেও দারিদ্র্য নিরসন সম্ভব হতে পারে, যা বাংলাদেশের সর্বশেষ দারিদ্র্য পরিসংখ্যান বলতে চাইছে। এটা সত্যি হলে অবশ্যই উন্নয়ন-তত্ত্বে একটি নতুন সংযোজন হবে।ওয়াহিদউদ্দিন মাহমুদ অবশ্য এ-ও বলেন, বাংলাদেশে এই সময়কালে গরিব মানুষের দারিদ্র্য কমেছে। কিন্তু নিম্নমধ্যবিত্ত শ্রেণী খাদ্যের দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা খাদ্যের পরিমাণ না কমালেও গুণগত মানে ছাড় দিতে বাধ্য হয়েছে।রাজনৈতিকভাবেও এ জরিপের ফল তথা দারিদ্র্যের পরিসংখ্যান নিয়ে বিতর্ক থাকবে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। কেননা, ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনটি সরকার প্রায় সমান সময় ক্ষমতায় ছিল।বিভাগীয় দারিদ্র্য পরিসংখ্যানে আলোকপাত করে ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, দারিদ্র্য যে স্থানান্তর হচ্ছে, তা প্রতীয়মান হয়। বরিশাল বিভাগ কৃষিতে সমৃদ্ধ। কিন্তু লবণাক্ততার প্রভাবে এখানকার কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাবেই দারিদ্র্য এখনো বরিশালে সবচেয়ে বেশি কি না, সেটা নিবিড় পর্যালোচনার সুযোগ আছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বারকাত-এ-খুদা বলেন, ‘সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচিগুলো নানা ধরনের সমস্যায় জর্জরিত থাকায় ঠিকমতো বাস্তবায়ন হয় না। তাহলে কীভাবে এটি দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখছে, তা বোধগম্য নয়।’অধ্যাপক এ কে এম নূর-উন-নবী বলেন, তথ্য-উপাত্তের প্রাসংগিকতা বাড়াতে পাঁচ বছরের বদলে তিন বছর অন্তর খানা আয়-ব্যয় জরিপ সম্পাদন করা দরকার।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের সভাপতি রীতি ইব্রাহিম, বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রধান সঞ্জয় কাঠুরিয়া, বিবিএসের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা প্রমুখ।